বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭

সরকারি গুদাম থেকে লোপাট সাড়ে ৭ কোটি টাকার সার

সরকারি গুদাম থেকে লোপাট সাড়ে ৭ কোটি টাকার সার

 নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর গুদামে থাকা ৮৬ হাজার বস্তা সারের হিসাব মিলছে না। প্রায় সাড়ে ৯ কোটি টাকার এই সার লোপাট করা হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সংসদ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ড. মো. আব্দুর রাজ্জাক, মো. মোসলেম উদ্দীন, আবদুল মান্নান, মামুনুর রশিদ কিরণ, একেএম রেজাউল করিম তানসেন ও মো. নুরুল ইসলাম ওমর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সার লোপাটের ঘটনা নিয়ে মন্ত্রণালয় ও বিএডিসি কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করেন কমিটির সদস্যরা। তারা দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি করেন।

পরে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কমিটির সদস্য আবদুল মান্নানকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম বাবু ও মো. নুরুল ইসলাম ওমরকে সদস্য করে সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটিকে সরজমিন তদন্ত করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জের ভৈরবে বিএডিসির গুদাম থেকে ৮৬ হাজার ৭২০ বস্তা সার গায়েব হয়েছে। এর আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা। বিপুল পরিমাণ সার গায়েব হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক তোলপাড় শুরু হয়। ঘটনা জানাজানি হওয়ায় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিএডিসি’র দুই কর্মচারী ভারপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করিম ও গুদাম রক্ষক খুরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভৈরব থানায় মামলা হয়েছে।

এদিকে সংসদীয় কমিটির বৈঠকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কার্যক্রম, সারের সরবরাহ, উত্তোলন, বিক্রয় মূল্য, পরিস্থিতি পর্যবেক্ষণ, সার ডিলার বাছাই এবং ডিলারদের কার্যক্রম মূল্যায়নসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলার সকল সংসদ সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়। এছাড়া বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটকে রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টি করে বিজ্ঞানী ও অন্যান্য জনবলের পদসংখ্যা বৃদ্ধি, কর্মরত বৈজ্ঞানিকদের দেশ ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রয়োজনীয় ল্যাবরেটরি, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং নতুন গবেষণা কার্যক্রম গ্রহণের জন্য অধিক পরিমাণে বাজেট বরাদ্দের সুপারিশ করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026