শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অষ্টাদশ সার্ক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির।
রাষ্ট্রপ্রধান হলেও আফগান প্রেসিডেন্ট প্রটোকল ভেঙে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বলে সাংবাদিকদের জানিয়েছেন শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বুধবার বিকালে ক্রাউন প্লাজা কাঠমান্ডু – সোয়ালটিতে হাসিনা ও আশরাফ গানির বৈঠক হয়।
ইকবাল সোবহান সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট দেশটির সরকার প্রধান হওয়ার পাশাপাশি রাষ্ট্র প্রধানও। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রোটোকল উপেক্ষা করে নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যমুনা বহুমুখী সেতু এবং পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু নামে বাংলাদেশের বৃহত্তম সেতুর কাজ হওয়ার সময় বিশেষজ্ঞ দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন আশরাফ গানি।
কাঠমান্ডুর হোটেল রেডিসনের সার্ক মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকনও উপদেষ্টা ইকবাল সোবহানের সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠকের বিভিন্ন দিকও সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ক্রাউন প্লাজা কাঠমান্ডু – সোয়ালটিতেই শেখ হাসিনা এই তিন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।