
শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্বল্পোন্নত বিশ্বের হাতে সর্বশেষ প্রযুক্তি পৌঁছে দিতে জাতিসংঘের উদ্যোগে গঠিত টেকনোলজি ব্যাংক এর ১০ সদস্যের পরামর্শক প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে, যাতে বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরীও রয়েছেন।
এছাড়া প্রযুক্তি হস্তান্তরের মধ্য দিয়ে টেকনোলজি ব্যাংক কীভাবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ণ এবং অবকাঠামোগত রূপান্তরের গতি ত্বরান্বিত করতে পারে সে বিষয়ে সুপারিশমালা তৈরি করবেন প্যানেলের সদস্যরা। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের মেয়াদ শেষে টেকসই উন্নয়নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হলে ২০১৫ সাল নাগাদ এই ব্যাংক যাত্রা শুরু করতে পারে।

প্যানেলের অন্য সদস্যরা হলেন- সুদানের মোহামেদ হাসান, যুক্তরাষ্ট্রের ব্রুস লেম্যান, দক্ষিণ আফ্রিকার টেবেলো নিওকং, ডেনমার্কের ডর্টে ওলেসেন, নেপালের পোশ রাজ পান্ডে, হাইতির মিশেল দুভিভিয়ের পিয়েরে-লুইস, চীনের ফ্যাঙ জিন, তুরস্কের হাকান কারাতাস এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত স্বল্পন্নোত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের দায়িত্বে থাকা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্ঞান চন্দ্র আচার্য।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, ২০১১ সালে বান কি-মুনের ঢাকা সফরের সময়েই আমরা এই টেকনোলজি সেন্টার তথা ব্যাংকের সদর দপ্তর ঢাকায় স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম। পরে ইস্তাম্বুলসহ আরো কয়েকটি শহর থেকে একই ধরনের প্রস্তাব আসে।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় জাতিসংঘের সাউথ সাউথ কো-অপারেশন শীর্ষ বৈঠক হচ্ছে। সে সময় আমরা ঢাকায় একটি ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার’ স্থাপনের প্রস্তাব তুলব। টেকনোলজি ব্যাংকের প্রধান শাখা না পেলেও যাতে এই সেন্টারকে আঞ্চলিক শাখা হিসাবে ব্যবহার করা যায়- সে উদ্যোগ নেওয়া হবে।