বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩

লন্ডনে আ.লীগ-বিএনপি বাকযুদ্ধ

লন্ডনে আ.লীগ-বিএনপি বাকযুদ্ধ

লন্ডনে আ.লীগ-বিএনপি  বাকযুদ্ধ

সৈয়দ আনাস পাশা: ৫ জানুয়ারির নির্বাচন ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লন্ডনে একটি সেমিনারে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বাকযুদ্ধে জড়ালেন।

ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার লর্ড এভিবারির সঞ্চালনায় বাংলাদেশ বিষয়ক এই সেমিনারে উপস্থিত ব্রিটিশ রাজনীতিবিদরা ৫ জানুয়ারির নির্বাচন বা বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও দু’দলের মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন।

সেমিনারে আওয়ামী লীগ নেতারা সরকারের সাফল্য তুলে ধরেন। অপরদিকে বিএনপি বর্তমান সময়কে ‘তমসাচ্ছন্ন’ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন। সেখানে সংখ্যালঘু নির্যাতন ও সংলাপ নিয়েও আলোচনা হয়। বুধবার (২৬ নভেম্বর) বিকালে লন্ডনের হাউস অব লর্ডসের কমিটি রুম জি-তে ‘বাংলাদেশ: ৪৩ ইয়ার্স অব ইন্ডিপেন্ডেন্ট, ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড থ্রেট টু সেক্যুলারিজম’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন ও লর্ড এভিবারির আমন্ত্রণে এই সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আওয়ামী লীগ দলীয় এমপি তারানা হালিম উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষে ছিলেন ব্রিটেনে নিযুক্ত হাইকমিশনার আব্দুল হান্নান। এছাড়াও সেমিনারে আওয়ামী লীগ ও বিএনপি’র যুক্তরাজ্য শাখার নেতারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার আন মেইন এমপি, সাবেক মন্ত্রী ও লেবার দলীয় এমপি জিম ফিটজপেট্রিক এমপি, ব্যারোনেস পলা উদ্দিন, ব্রিটিশ ফরেন অফিসের দুইজন জুনিয়র কর্মকর্তা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের বর্ণনা দেন। এ সময় বিএনপি নেতা শমসের মোবিন চৌধুরী বিসিএস পরীক্ষায় ছাত্রলীগের ছেলেদের অংশগ্রহণ নিয়ে এইচ টি ইমামের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরেন সেমিনারে। যদিও এইচ টি ইমাম বিএনপি নেতা শমসের মোবিন চৌধুরীর এই মন্তব্য এড়িয়ে যান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বাঙালি জাতিসত্তা ধ্বংসের অপচেষ্টার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন তার বক্তব্যে। তখন প্রমোদ মানকিনকে লক্ষ্য করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনি তো বাঙালি না। উত্তরে প্রমোদ মানকিন বিএনপি নেতা  আমির খসরুকে বাঙালিত্বের সংজ্ঞা ভালোভাবে জানার পরামর্শ দিয়ে বলেন, আমি একটি নির্দিষ্ট গোত্রের হলেও জাতিগত পরিচয় আমার বাঙালি। বাংলা ভাষায় আমি কথা বলি, বাংলা সংস্কৃতি আমি লালন করি।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তারানা হালিম ৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যালঘু হামলার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা তুলে ধরে অভিযোগ করেন, ঐসব হামলায় প্রায় ১৩ হাজার সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কঠোর ভাষায় জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, এমন একটি সাম্প্রদায়িক ও উগ্র স্বাধীনতাবিরোধী দলের সঙ্গে বিএনপি’র জোট রয়েছে।

উত্তরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জামায়াতের সঙ্গে  বিএনপি’র জোট নির্বাচনি জোট। এই জোট কোনো আদর্শিক জোট নয়। তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে লিখিত দলিল করে কেউ যদি জোট করে থাকে তাহলে সেটি হলো আওয়ামী লীগ। এমন সব অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে সঞ্চালক লর্ড এভিবারিকে ‘অর্ডার অর্ডার’ বলে সেমিনারে শৃংখলা ফিরিয়ে আনতে হয়েছে।

সেমিনারে বিএনপি নেতারা ৫ জানুয়ারির নির্বাচন ও এর গ্রহণযোগ্যতা নিয়ে ব্রিটিশ রাজনীতিকদের দৃষ্টি আকর্ষণ করলেও এমপিরা (উপস্থিত মাত্র ২ জন এমপি ও ২ জন লর্ড) এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি তারা বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি সম্পর্কেও কোনো কথা বলেননি। তারা শুধু রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে সংলাপে বসে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ সেমিনারে গুম ও ৠাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন। সেমিনারে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন ব্রিটিশ এমপিরা। সেক্যুলারিজমের চেতনার পক্ষে দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে লর্ড এভিবারি বলেন, সেক্যুলারিজমকে আমরা ধর্মীয় সহনশীলতা হিসেবেও আখ্যায়িত করতে পারি।

আলোচনার একপর্যায়ে এভিবারি সেক্যুলারিজমের পক্ষে যারা তাদের হাত তুলে সমর্থন দেওয়ার অনুরোধ করেন। তখন আওয়ামী লীগ নেতারা হাত তুললেও বিএনপি নেতারা হাত তোলেননি। লর্ড এভিবারি রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে প্রধান দলগুলোর সংলাপের উপর গুরুত্বারোপ করেন।

এ প্রসঙ্গে তিনি দুই দলকে সংলাপে বসাতে ব্রিটেনসহ ইউরোপিয় ইউনিয়নের প্রাণান্তকর চেষ্টার কথা উল্লেখ করে বলেন, দু্ই প্রধান দলের নেতারা একমাত্র লন্ডনেই সংলাপে বসেন, কিন্তু ঢাকায় পারেন না, আমি বুঝি না এটি কেন?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026