শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নাম ওঠে আসার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। কয়েক দিন আগে তিনি ঢাকা থেকে ফিরেছেন সিলেটে। কিন্তু সিলেট ফিরেও থেকে গেছেন লোকচক্ষুর আড়ালে। সিটি করপোরেশনের ফাইলপত্রে নিয়মিত স্বাক্ষর করলেও বের হচ্ছেন না প্রকাশ্যে। আড়ালে থেকেই তিনি আইনীভাবে মামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন।
গত বুধবার কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট হবিগঞ্জ আদালতে গৃহিত হওয়ার কথা ছিল। কিন্তু চার্জশিটে মেয়র আরিফের নাম ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছের ঠিকানায় ভুল থাকায় আদালত চার্জশিট গ্রহণ না করে সংশোধন করে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পুণরায় দাখিলের নির্দেশ দিয়েছেন। এই মামলায় এটা হবে চতুর্থ দফায় চার্জশিট দাখিল।
খোঁজ নিয়ে জানা যায়- কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফায় চার্জশিট দাখিলের পর থেকেই আত্মগোপনে চলে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আত্মগোপনে থেকেই তিনি এই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ার চেষ্টা করেন। সেজন্য তিনি টানা কয়েকদিন ঢাকায় অবস্থান করেন। কিন্তু আগাম জামিনের সম্ভাবনা না থাকায় দেশের শীর্ষস্থানীয় কয়েকজন আইনজীবীর সাথে তিনি অর্ন্তবর্তীকালীন জামিনের ব্যাপারে কথা বলে সম্প্রতি সিলেটে ফিরেছেন। কিন্তু সিলেটে ফিরলেও প্রকাশ্যে জনসম্মুখে আসছেন না তিনি।
সিসিকের বিভিন্ন জরুরী ফাইলপত্র লোকচক্ষুর আড়ালে থেকেই স্বাক্ষর করছেন আরিফ। সংশ্লিষ্টরা কঠোর গোপনীয়তার সাথে তার কাছ থেকে ফাইল স্বাক্ষর করাচ্ছেন। একইসাথে উচ্চ আদালত থেকে জামিন নেয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছেন আরিফ। সেজন্য নিজের আইনজীবীদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন।
এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ কিবরিয়া হত্যা মামলার বিচার তিনিও চান। কিন্তু তাকে যেভাবে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে তাতে প্রকৃত দোষীরা আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল দোষীদের খুঁজে বের না করে রাজনৈতিক প্রতিহিংসাবশত নিরাপরাধ মানুষকে হয়রানি করা হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না।
আরিফ বলেন- কিবরিয়া হত্যা মামলায় সিলেটের উন্নয়ন বিদ্বেষী একটি মহল প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে আসামী করার বিষয়টি সিলেটবাসী মেনে নিতে পারছেন না। তাই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় নগরবাসী তার প্রতি যেভাবে আস্থা রেখেছিলেন, ঠিক একইভাবে দুঃসময়ে সিলেটের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। আইনীভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে কিবরিয়া হত্যা মামলা থেকে নিজেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র আরিফ।