নিউজ ডেস্ক: বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ তাদের ‘বিশেষ’ বিবেচনাধীন কিছু টেলিভিশন সাংবাদিককে হেলিকপ্টার ভ্রমণে পাঠাচ্ছে। অন্য সবক্ষেত্রের মতো পোশাক খাতসহ দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল রাখতে টেলিভিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার সাংবাদিকরা নিরলস কাজ করে গেলেও এই ভ্রমণের সুযোগ পাচ্ছেন কেবল বিজিএমইএ’র সুনজরে থাকা কিছু সাংবাদিকই।
অর্থাৎ দৈনিক পত্রিকা বা বর্তমান সময়ের প্রতিযোগী সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টালের কোনো সাংবাদিক পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনটির কর্তৃপক্ষের ‘সুনজরে’ না থাকায় এই সুযোগ পাচ্ছেন না। কিছু টিভি সাংবাদিককে নিয়ে হেলিকপ্টার ভ্রমণের বিষয়টি বিজিএমইএ সূত্র থেকে নিশ্চিত হয়েছে বাংলানিউজ।
সূত্রটি জানায়, বিজিএমইএ’র সাধারণ সম্পাদক এহসান ফাত্তাহ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে টেলিভিশন চ্যানেলে কর্মরত কয়েকজন সংবাদকর্মীকে এ ভ্রমণের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এই আমন্ত্রণপত্র পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ’র শাওন হাসনাত, চ্যানেল একাত্তরের জাহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোর’র জান্নাতুল নাইম, একুশে টিভির মেহেদী হাসান আল বকরসহ কয়েকজন ‘সুবিবেচনাধীন’ সাংবাদিক।
দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের কোনো সাংবাদিককে এই ভ্রমণ কর্মসূচিতে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন অর্থনীতি ও পোশাক খাত বিটের সংবাদকর্মীরা।
বেশ কয়েকজন সংবাদকর্মী ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, টিভিতে নিজেদের চেহারা দেখানো হয় বলে তাদের কাছে কেবল টিভিই সংবাদ মাধ্যম মনে হয়েছে। দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল কিছুই মনে হয়নি। আসলে ঐতিহ্যবাহী সংবাদপত্র আর হালের প্রতিযোগী অনলাইন মাধ্যম সম্পর্কে হয়তো তাদের ধারণাই নেই, যেটা তাদের অজ্ঞতার চূড়ান্ত মাত্রাও হতে পারে।
বিজিএমইএ’র এই ভ্রমণ কর্মসূচিতে সাংবাদিক বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ টেলিভিশন চ্যানেলেরই কয়েকজন সাংবাদিক। কেউ কেউ একেবারে খোলাসা করেই বলেছেন, যারা বিজিএমইএ’র গুনগান ও সাফাই গাইতে পারেন না তারাই এ ধরনের কর্মসূচি থেকে বাদ পড়েন।
সময় টিভি’র প্রতিবেদক সানবীর রূপল বাংলানিউজকে বলেন, আমরা তো বিজিএমইএ’র মদতপুষ্ট সাংবাদিক নই যে আমাদের ভ্রমণে নিয়ে যাবে। যারা তাদের কথায় উঠে-বসে তাদেরই নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, এমনটি না হলে গত কয়েক বছর যাবত আমি নিয়মিত পোশাক শিল্প ও বিজিএমইএ’র সংবাদ কাভার করছি। আমাকেও কীভাবে বাদ পড়তে হয়? যখনই এ ধরনের বড় বড় ইভেন্ট আসে তখন আমাদের মতো যেসব সাংবাদিক বিজিএমইএ’র কথায় দৌড়ায় না, তাদের নাম বাদ দেওয়া হয়।
জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশে চারটি হেলিকপ্টারে চারটি টিমে ভাগ করে আমন্ত্রিত সাংবাদিকদের এই ভ্রমণে নিয়ে যাবে বিজিএমইএ।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অপর একটি টেলিভিশনের সংবাদকর্মী বলেন, আরে ভাই শুধু চিঠি ইস্যু করে নাই। ফোন দিয়ে দাওয়াত দিছে। দাওয়াতের সময় বলল, তাদের দিকে একটু ‘খেয়াল’ রাখতে। বিজিএমইএ টেলিভিশন সাংবাদিকদের কী ধরনের ‘খেয়াল’ রাখতে বলেছে জানতে চাইলে তিনি বলেন, আরে ভাই বোঝেন না, এইগুলা আরও খোলাসা করতে হয় নাকি।
কেবল টিভি সাংবাদিকরাই কেন ভ্রমণের আওতায় পড়লেন, অনলাইন নিউজ পোর্টাল এবং সংবাদপত্রের সাংবাদিকরা নন কেন?- জানতে চাইলে বিজিএমইএ’র গণসংযোগ বিভাগ থেকে বলা হয়, এ ট্যুর কেবল মাত্র টেলিভিশন সাংবাদিকদের জন্য। এসব বিষয়ে বিজিএমইএ‘র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।