বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩

জাতীয় পার্টি সরকারের দুর্নীতির দায় নেবে না

জাতীয় পার্টি সরকারের দুর্নীতির দায় নেবে না

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সরকারের অংশগ্রহণ থাকলেও দুর্নীতি-দুঃশাসনের কোনো দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সরকারের আর থাকবেন না বলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রব তোলার মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মহাসচিব বাবলু। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির দায় নিতে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টিও অস্বীকৃতি জানিয়েছিল। এবার বিরোধী দলে থেকে সরকারের থাকা জাতীয় পার্টিও একই কথা বলল।

দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাবলু বলেন, কৌশলগত কারণে আমরা বর্তমান সরকারে আছি। আপনারা জানেন, গত বছর এই সময়ে দেশের কী পরিস্থিতি ছিল। ওই সময় নির্বাচনে না গেলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হত, সংবিধান ক্ষতিগ্রস্ত হত। শান্তি-স্থিতি রক্ষা ও গণতন্ত্র এবং সংবিধান সমুন্নত রাখতেই আমরা নির্বাচনে যেতে রাজি হয়েছিলাম। আমরা ভিন্ন কারণে সরকারে আছি। জাতীয় ঐক্যের প্রয়োজনে আমরা সরকারে। জনগণকে ঐক্যের বার্তা দিতে আমরা সরকারে। কিন্তু বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন ও প্রশাসনে দলীয়করণের সঙ্গে আমরা নেই। এগুলোর দায় আমরা নেব না।

নাটকীয় অনেক ঘটনার পর ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। মন্ত্রিত্ব নেওয়ার পাশাপাশি এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূতও হন। এক বছরের মাথায় সম্প্রতি কয়েকটি সভায় সরকারের সমালোচনা করে মন্ত্রিসভা থেকে দলীয় নেতাদের সরিয়ে আনার কথা বলেছেন এরশাদ।

এ বিষয়ে বাবলু বলেন, মাননীয় চেয়ারম্যান এই ঘোষণা দিয়েছেন। বিষয়টা নিয়ে প্রেসিডিয়াম ফোরামে আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত আপনারা ঠিক সময়ে জানতে পারবেন। তবে এরশাদের কথায় সায় দিয়ে মহাসচিবও বলেন, “জনগণের মনের ভাষা যখন বুঝব, তখনই পদত্যাগের সিদ্ধান্ত। আন্দোলন করে সরকার পতন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না।”

আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি মহাসমাবেশ করতে যাচ্ছে জানিয়ে বাবলু বলেন, ওই দিন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হবে। মাননীয় চেয়ারম্যান আগামী ১ বছরের রাজনৈতিক পরিকল্পনা ওই সমাবেশে জাতির কাছে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে বাবলুর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, এম এ হান্নান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026