বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯

জানুয়ারি থেকে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ

জানুয়ারি থেকে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ

শামীম খান: বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে জানুয়ারি থেকে ধারাবাহিক কর্মসুচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে ৫ জানুয়ারি সারাদেশে মিছিল-সমাবেশসহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ফেব্রুয়ারি থেকে তৃণমূল পর্যায়ে জনসভার কর্মসুচি নেওয়া হতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগের নিজস্ব দলীয় কর্মসূচির বাইরেও জানুয়ারিতে ১৪ দলের শরিকদেরও কর্মসূচি থাকছে।

আগাম নির্বাচনের দাবিতে বিএনপি জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে নামার কথা বলছে। বিএনপির সঙ্গে জোটে রয়েছে জামায়াত। সরকারকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আওয়ামী লীগ ও সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন।

যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে গত বছর বিএনপি-জামায়াত জোটের আন্দোলন সহিংস রূপ নেয়। এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সহিংসতা ও নাশকতামূলক ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান। যানবাহনে আগুন, বোমা হামলায় বহু মানুষ আহত ও নিহত হন। সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আবারও যাতে এহেন ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকার আগে থেকেই সতর্ক রয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোনো চেষ্টা ও পাঁয়তারা প্রতিহত করতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

এরই অংশ হিসেবে আগামী ৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এই দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের সহিংস বাধার মুখেই গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন বিএনপিরও কর্মসূচি থাকতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও আওয়ামী লীগের এই কর্মসূচি বিএনপির পাল্টা কোনো কর্মসূচি নয় বলেই দাবি আ.লীগ নেতাদের।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, অন্য কোনো দলের কর্মসুচি নিয়ে আওয়ামী লীগের ভাবনার কারণ নেই। জনগণকে সঙ্গে নিয়ে আমরা কর্মসূচি পালন করবো।

৫ জানুয়ারির কর্মসূচির পর ১০ জানুয়ারি ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ঢাকায় জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে।

১৫ জানুয়ারি থেকে উপজেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল। ধারাবাহিকভাবে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের একাধিক টিম এই সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন।

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আওয়ামী লীগের মেয়াদ-উত্তীর্ণ জেলা, উপজেলা সম্মেলন চলছে। ডিসেম্বরের মধ্যে অধিকাংশ সম্মেলন শেষ হয়ে যাবে বলে জানা গেছে। এইসব সম্মেলন শেষ করার পর তৃণমূল পর্যায়ে জনসভার কর্মসূচি নেয়া হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানান।

তৃণমূল পর্যায়ের এই জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এই জনসভার মাধ্যমে জনগণের আরো কাছে যাওয়া এবং সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াতের নেতিবাচক দিকগুলো তুলে ধরা হবে। আওয়ামী লীগের বলে দলের একাধিক নেতা বাংলানিউজকে এমনটাই জানালেন।

এর আগে চলতি মাসেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা, বিজয় দিবসে রাজধানীতে বিজয় র‌্যালি, এর পরদিন ১৭ ডিসেম্বর আলোচনা সভার মতো নিয়মিত কর্মসূচি তো থাকছেই। এসব কর্মসূচিতে দলের নেতাকর্মীরা স্বত:স্ফূর্ত হয়ে মাঠে থাকবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026