বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯

খালেদা বিষয়ে সরকারের নয়া কৌশল

খালেদা বিষয়ে সরকারের নয়া কৌশল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে নতুন কৌশল অবলম্বন করেছে সরকার। এরই অংশ হিসেবে আইন মন্ত্রণালয় খালেদার মামলায় বিচারক পরিবর্তন করেছে- এমন মন্তব্য বিএনপির একাধিক নেতার।

খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা পরিচালনাকারী বিচারককে পরিবর্তন করে সেখানে নতুন বিচারক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে দুই মামলায় বিচারক ছিলেন বাসুদেব রায়। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপি চেয়ারপারসন আদালতে দুটি রিট করেছিলেন। দুটিই খারিজ হয়ে গেছে। তিনি ওই আদালত থেকে তার মামলাও বদলির আবেদন করেছেন।

ওই দুটি আবেদন শুনানির জন্য অপেক্ষমান হাইকোর্টে। ওই শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যাতে বলতে পারেন, তার মামলার বিচারক পরিবর্তন করা হয়েছে বিধায় মামলার আদালত বদলি করার প্রয়োজন হবে না।

সূত্র জানায়, সরকারের কাছে খবর রয়েছে, একের পর এক রিট খারিজ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন আদালতে হাজির হতে চান না। শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য তিনি মাঝে মাঝে আদালতে যান।

তার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারকের ব্যাপারে তিনি আপত্তি জানান ও আদালতে রিট করেন। ওই রিট তার পক্ষে না যাওয়ায় আদালতে হাজির না হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এরপর দুইদিন মামলার তারিখ থাকলেও আদালতে হাজির হননি তিনি। তিনি মনে করছেন, তার অনুুপস্থিতিতেই সরকার বিচার করলে করবে। কিন্তু সরকার তা চাচ্ছে না। বিচারক বদলি নিয়ে আপত্তি তোলেন ও মামলা বদলি করার আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবী। সেটি নিয়ে আদালতে যাতে সরকারের পক্ষে রায় আসে সেই জন্য এটা করা হয়েছে বলে সূত্র জানায়।

সূত্র মতে, সরকার সেটা না করার কারণে তার আপত্তি যাতে আদালতে না টিকে এ জন্য বিচারক পরিবর্তন করে দেয়া হয়েছে। সরকার মনে করছে, এখন আর আদালতে যেতে আপত্তি থাকার কথা না তার। জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এর পরিবর্তে বিচারের দায়িত্ব দেয়া হয় আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মতামত) আবু আহমেদ জমাদারকে। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসিয়ে তার বিরুদ্ধে দুটি মামলার বিচারকাজ শুরু করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর মামলার বিচার শুরু হয়। দুই মামলায় এখন সাক্ষ্যগ্রহণ চলছে। দুই মামলায় বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে দুইদিনই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। হট্টগোলের কারণে অল্প সময় সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সহকারীর মাধ্যমে পরবর্তী তারিখ নির্ধারণ করে দেন। মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন মুখে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আবার আইনি বিষয়ে অনেক বড় বড় কথাও বলেন। কিন্তু আদালতে হাজির হন না তিনি।

তিনি বলেন, তিনি দিনের পর দিন সময় নিয়ে কালক্ষেপন করে যাচ্ছেন। এটা ঠিক করছেন না। আইনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল থাকলে আদালতে হাজির হতেন। আসলে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। একজন সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না বলে মন্তব্য করেন তিনি। তিনি দুর্নীতি করেননি এটা তিনি ও তার আইনজীবীরা দাবি করে আসছেন।

আইনমন্ত্রী বলেন, তা যদি সত্যি হয় তাহলে তার আদালতে নিয়মিত হাজিরা দিয়ে মামলা দ্রুত শেষ করতে সমস্যা কোথায়? তিনি নিজেও জানেন যে দুর্নীতি প্রমাণ হবে। এ কারণে হাজিরা না দিয়ে কালক্ষেপন করছেন। আইনমন্ত্রী বলেন, তিনি মনে করছেন আদালতে হাজির না হলে মামলার বিচারকাজ চলবে না। এটা তার ভুল ধারণা। আদালত তার নিজস্ব গতিতে চলে। কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এটা বিচারকের এখতিয়ার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026