বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫

বিপর্যস্ত জনজীবন: বাড়ছে উত্তেজনা

বিপর্যস্ত জনজীবন: বাড়ছে উত্তেজনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনে গতকাল সকালে ঢাকা থেকে দূরপাল্লার কোন বাস ছাড়েনি। দেশের বিভিন্ন জেলা থেকেও ঢাকায় কোন বাস আসেনি। তবে কোন কোন জেলায় আন্তঃজেলা পর্যায়ের কিছু বাস চলাচল করেছে। অবরোধের কারণে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিল একেবারেই কম। কম ছিল অন্যান্য যানবাহনের সংখ্যাও।

এতে ঢাকা এবং ঢাকার বাইরের সাধারণ যাত্রীদের ছিল সীমাহীন দুর্ভোগ। ঢাকার রাস্তার মোড়ে মোড়ে দিনভর সাধারণ যাত্রীদের পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। দুপুরের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয়ার পর বাসে সাধারণ যাত্রীর সংখ্যাও কমে যায়।

গতকাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছাড়েনি। অনেকটা যাত্রী না থাকা ও ঝুঁকির কথা চিন্তা করে অবরোধের মধ্যে বাস না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। মঙ্গলবার সকাল ৮টায় গাবতলীর হানিফ কাউন্টারের কর্মকর্তা নজরুল বলেন, যাত্রী না থাকায় ও অবরোধের কারণে ঝুঁকির কথা চিন্তা করে ?এ টার্মিনাল থেকে কোন বাস ছাড়া হবে না।

এদিকে গাবতলীর আমিনবাজার এলাকা ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের পাশাপাশি মাওয়া ও আরিচা রুটে কয়েকটি লোকাল বাস ছেড়ে গেছে। এছাড়া গাবতলী-সাভার রুটে বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস ছেড়ে যেতে দেখা গেছে। গাবতলী টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের বাস ছাড়ার আশায় বসে থাকতে দেখা গেছে। নাটোরের বাসিন্দা হাফিজুল জানান, গত সপ্তাহে ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন। অবরোধের কারণে বাড়ি ফিরতে পারছেন না তিনি। গাবতলীতে বাসের খোঁজে এসেছিলেন তিনি।

উত্তরবঙ্গ রুটে চলাচলকারী খালেক এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার সালাম জানান, দিনের বেলা কোন গাড়িই ছাড়বে না। রাতে সুযোগ বুঝে দু’-একটি গাড়ি ছাড়তে পারে। কল্যাণপুরে কোন কাউন্টার খোলা পাওয়া যায়নি। একই চিত্র মহাখালীর। মহাখালী বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যাচ্ছে না। বেশির ভাগ কাউন্টারই বন্ধ রয়েছে। ঢাকা থেকে সিরাজগঞ্জগামী অভি পরিবহনের মিলন তাদের গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানান।

মহাখালী থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের আতিকুর রহমানও একই কথা জানান। অবরোধের পাশাপাশি যাত্রী না পাওয়াকেই গাড়ি বন্ধ রাখার কথা বলেন। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার বাস ছাড়েনি। দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো টার্মিনালের মধ্যে রাখা ছিল। অভ্যন্তরীণ রুটের কিছু যানবাহন কাঁচপুর পর্যন্ত চলাচল করছে।

এদিকে রাজধানীর অভ্যন্তরে গণপরিবহন ছিল অপেক্ষাকৃত কম। বেশ কয়েকটি স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাস্তায় গণপরিবহনের সংখ্যা কমে যায়। অফিস ফেরত লোকজনকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। সন্ধ্যার পরে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। বাস না পেয়ে পায়ে হেঁটে ও রিকশাযোগে বাড়ি ফিরেছেন অনেকেই। গণপরিবহন না থাকার সুযোগে সিএনজি চালকরা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ করেছেন।

গুলশান-২ থেকে বাংলামোটর আসতে ৩০০ টাকা সিএনজি অটোরিকশা ভাড়া দিতে হয়েছে বলে বিপ্লব নামে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান। অবরোধকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুুলিশ। এসব চেকপোস্টে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঢাকায় গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে সরকার বাধা দেয়ায় বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। গত তিনদিন ধরে বেগম খালেদা জিয়া গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন। সোমবার বিকালে নিজের কার্যালয় থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠলেও পুলিশ বাইরে থেকে তালা দিয়ে রাখায় ফটকের ভেতরে দাঁড়িয়েই তিনি অবরোধের এই কর্মসূচি ঘোষণা দেন।

বাংলাদেশে বিতর্কিত নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিনে ব্যাপক সহিংসতার পর ক্রমেই বাড়ছে উত্তেজনা। রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই তীব্র থেকে তীব্র হয়ে টালমাটাল হয়ে পড়ছে। গতকাল এ কথা বলা হয়েছে জার্মানির প্রভাবশালী সংবাদ মাধ্যম অনলাইন ডয়েচে ভেলে’তে। আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত এমন কয়েকজন রাজনীতিক, বোদ্ধার মন্তব্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে এমন অবস্থায় একদলের মত অন্যদলের ওপর চাপিয়ে দেয়া একটি ভুল পদক্ষেপ। এতে আরও হতাশার সৃষ্টি হবে। যদি বাংলাদেশে জননিরাপত্তার জন্য প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করা হয় তাহলে তা প্রয়োগ করতে হবে সব দলের জন্য। এমন মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক সহকারী উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এর সিনিয়র ফেলো এলিসা আয়রিস, ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ তোবিয়াস বার্গার, নয়া দিল্লি ভিত্তিক ইন্সটিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড এনালাইসিস-এর রিসার্স ফেলো শ্রুতি পট্টনায়েক। এতে তারা রাজনৈতিক মতপার্থক্য ও সহিংসতা প্রতিরোধে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে সোমবার বিরোধী দলীয় নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ফলে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ খবরে ২০ দলীয় নেত্রী খালেদা জিয়া সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেছেন। গতকাল তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার হুমকি দিয়েছে সরকার। এ ছাড়া খালেদা জিয়ার ছেলে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বক্তব্য প্রচার করার পরে কর্তৃপক্ষ একটি টেলিভিশন চ্যানেলের প্রধানকে গ্রেপ্তার করেছে এবং ওই চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

তবে পুলিশ বলছে, পর্নোগ্রাফিক বিষয় প্রচার করার কারণে তারা এ পদক্ষেপ নিয়েছে। তবে অন্যরা সরকারি এ ব্যাখ্যাকে মিথ্যা বলে দাবি করছেন। শ্রুতি পট্টনায়েক বলেছেন, বিএনপি বর্তমানে যে সুযোগ পেয়েছে তা ব্যবহার করে একটি বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করছে। তাহলো গত বছরের বিতর্কিত নির্বাচন অগ্রহণযোগ্য। তোবিয়াস বার্গার মনে করেন, বিএনপি যাতে বিক্ষোভ প্রতিবাদ করতে না পারে সবার আগে আওয়ামী লীগ তা প্রতিরোধ করছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, রাজধানীতে যাতে বিক্ষোভে নেতাকর্মীর উপস্থিত সর্বনিম্ন পর্যায়ে রাখতে চেষ্টা করছে। এটাই সরকারের উদ্দেশ্য। তাই সরকারের দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা খালেদা জিয়াকে তার অফিসে অবরুদ্ধ রেখে ভাল সিদ্ধান্ত নিয়েছে। কারণ, রাজনৈতিক বিক্ষোভ মাঝে-মধ্যেই সহিংসতায় রূপ নেয়। রাজনৈতিক সমাবেশে, মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা দেয়ার পরও ৫ই জানুয়ারি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেয়া হয়েছে।

তাই এলিসা আয়রিস বলেছেন, একপক্ষের মত অন্যপক্ষের ওপর চাপিয়ে দেয়া ভুল। সব দলের জন্য একই নীতি প্রয়োগ করা উচিত। তোবিয়াস বার্গার বিশ্বাস করেন, বিএনপি ও তার মিত্ররা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে এবং নতুন নির্বাচন দিতে রাজি করানোর মতো যথেষ্ট শক্তি নেই। স্বল্প সময়েই দেশের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হবে বলে মনে হয় না। তিনি মনে করেন, রাজনৈতিক মতপার্থক্য ও সহিংসতা সমাধানের জন্য ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে গঠনমূলক আলোচনা প্রয়োজন। প্রকৃত ও গঠনমূলক সংলাপের মাধ্যমেই এই অচলাবস্থা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তোবিয়াস বার্গার বলেন, বর্তমানে সরকার বা বিরোধী দল কোন পক্ষই সেই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026