শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়ার খবরে কাউন্সিলরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মেনে নিতে পারছেন না। বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরা বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
তারা বলছেন রেজাউল হাসান কয়েস লোদীর বিরুদ্ধে ২০১৩ সালের ২২ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাংচুর মামলায় চার্জশিট হয়েছে গত ৩১ ডিসেম্বর। তার বিরুদ্ধে একটি হত্যা এবং বিস্ফোরক আইনে আরো দুটি মামলা রয়েছে। যে অপরাধে আরিফুলকে বরখাস্ত করা হয়েছে, কয়েস লোদীর বিরুদ্ধে একই অপরাধ রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন (সিটি করপোরেশন) ২০০৯ এর ধারা ১২ এর ১ উপধারায় বলা হয়েছে- কোন সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র গৃহিত হলে সরকার নির্বাচন কমিশনের সাথে পরামর্শক্রমে লিখিত আদেশের মাধ্যমে ওই মেয়র বা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে। এসব বিষয় চলে আসায় শেষ পর্যন্ত কয়েস লোদীর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া নিয়ে অনেক সংশয় সৃষ্টি হয়েছে।