শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১১

মেয়র লুৎফুরের বিরুদ্ধে আরও অভিযোগ

মেয়র লুৎফুরের বিরুদ্ধে আরও অভিযোগ

নিউজ ডেস্ক: লল্ডনের টাওয়ার হ্যামলেটের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমানের বিরুদ্ধে ভোটকেন্দ্র প্রভাবিত করার নতুন অভিযোগ উঠেছে। আগামী মাসের শুরুতে মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগে বিচার শুরুর আগে টাওয়ার হ্যামলেটের অধিবাসীরা নতুন এসব অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব অভিযোগের কথা বলা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে- মেয়র নির্বাচনের সময় ভোটকেদ্রে এক ভোটারকে থুথু দেওয়া, স্থানীয় অধিবাসীদের প্রভাবিত করতে বিনামূল্যে খাবার সরবরাহ করা এবং নির্বাচনকর্মীদের অর্থ দেওয়া। ব্রিটেনে স্থানীয় কাউন্সিলে নির্বাচিত প্রথম মুসলিম মেয়র লুৎফুরের বিরুদ্ধে এর মধ্যেই প্রতারণা ও অনিয়মের অভিযোগ তুলে ২০১৪ সালের মে মাসের ওই নির্বাচন বাতিল করে আবার ভোটের দাবি জানিয়েছে টাওয়ার হ্যামলেটের বাসিন্দারা। ওই সব অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে তাকে।

তবে এক বিবৃতিতে লুৎফুর দাবি করেছেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন, মর্যাদাহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। লুৎফুরের বিরুদ্ধে বিপুল অর্থ অপব্যবহারের অভিযোগ উঠার পর ক্ষমতা খর্ব করে গত মাসে কাউন্সিলের অনুদানের অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা দেওয়া হয় যুক্তরাজ্যের স্থানীয় সরকারমন্ত্রী এরিক পিকেলসের হাতে। তার এসব অনিয়মের অভিযোগের শুনানি করবেন নির্বাচন কমিশনার রিচার্ড মরে কিউসি।

আগামী ২ ফ্রেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটে বিচার শুরুর কথা থাকলেও পক্ষপাতদুষ্ট হবে বিবেচনায় স্থান পরিবর্তন করে রয়্যাল কোর্টস অব জাস্টিসে নেওয়া হয়েছে। রিচার্ড মরে বলেছেন, ভোট প্রভাবিত করতে অবৈধ কর্মকাণ্ডের এসব নতুন অভিযোগও শুনানি করবেন তিনি।

লেবার পার্টির এক সমর্থকের মুখে লুৎফরের এক নির্বাচনকর্মীর থুথু দেওয়াসহ নয়টি ভোটকেন্দ্রের বাইরে নির্বাচন প্রভাবিত করার অভিযাগ নতুন করে উঠেছে। তিন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, লোকজন তাদের কাছে স্বীকার করেছেন লুৎফরের নির্বাচনী এজেন্ট কাউন্সিলর আলিবর চৌধুরী তাদের অর্থ দিয়েছেন। ১৪টি ভোটকেন্দ্রে নারী ও বৃদ্ধসহ ভোটাররা ভোট দেওয়ার সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকার অভিযোগ উঠেছে লুৎফুর শিবিরের বিরুদ্ধে।

বাংলাদেশি কমিউনিটিতে নিজের সমর্থকদের মধ্যে খাবার বিতরণের জন্য নয় লাখ ৫৪ হাজার পাউন্ড ব্যয়ের অভিযোগও আছে এর মধ্যে, যা প্রাইসওয়াটারহাউজ কুপারসের প্রতিবেদনেও বলা হয়েছে। এসব অভিযোগ জনপ্রতিনিধিত্ব আইনের লঙ্ঘন এবং এগুলোতে দোষী প্রমাণিত হলে নির্বাচন বাতিল ঘোষিত হতে পারে। অভিযোগে ধর্মীয় চাপ সৃষ্টিও রয়েছে, যেটিও আইনেও লঙ্ঘন বলে স্পষ্ট।

টাওয়ার হ্যামলেটের রিটার্নিং অফিসার জন উইলিয়ামস বলেন, কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনী আদালতের শুনানি ২ ফেব্রুয়ারি থেকে রয়্যাল কোর্ট অব জাস্টিসে শুরু হবে। শুনানি ওই ভেন্যুতে না করার একটি আবেদন আগে উচ্চ আদালত খারিজ করে দিলেও কমিশনার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের শেষে প্রকাশিত প্রাইস ওয়াটারহাউজ কুপারসের এক নিরীক্ষা প্রতিবেদনে মেয়র লুৎফুরের বিরুদ্ধে বিপুল অর্থ অপব্যবহারের প্রমাণ পাওয়ার কথা বলা হয়। অনিয়মের মাধ্যমে নিজের সমর্থকদের সুবিধা দেওয়ার পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারে লুৎফুর কাউন্সিলের অর্থ ব্যয় করেছেন বলে তাতে বলা হয়।

লুৎফুর অযোগ্য প্রতিষ্ঠানকে চার লাখ পাউন্ডের বেশি অনুদানের অর্থ বরাদ্দ দিয়েছেন বলে প্রমাণ মেলার কথাও জানায় নিরীক্ষা প্রতিষ্ঠানটি, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে উগ্রবাদী সংগঠনও রয়েছে বলে অভিযোগ। পপলার টাউন হল ভবন ৮ লাখ ৭৫ হাজার পাউন্ডে বিক্রিতেও অনিয়ম পেয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠানটি। তারা বলছে, দরপত্রে অনিয়মের মাধ্যমে লুৎফরের এক সমর্থকের কাছে তা বিক্রি করা হয়েছে। লুৎফরের নির্বাচনী প্রচারে কাউন্সিলের অর্থ ব্যয়ের প্রমাণও পেয়েছে প্রাইসওয়াটারহাউজ কুপারস, যাতে জনগণের অর্থের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য তাদের।

গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লুৎফুরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। ভোট পেতে তার সমর্থকরা কাউন্সিলের কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে উৎকোচ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থীকে ভোট দেওয়া অনৈসলামিক ও পাপের এবং লুৎফুরের পক্ষে ভোট দেয়া পুণ্যের ও ইসলামী কাজ বলে প্রচারণা চালানো হয় বলে অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে বিভেদমূলক গোষ্ঠীগত রাজনীতির চর্চা’র অভিযোগ তখন তুলেছিলেন মন্ত্রী এরিক পিকলস।

সূত্র: বিডিনিউজ২৪




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026