মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭

ব্রিটিশ ভিসা বঞ্চিত সালমান খান

ব্রিটিশ ভিসা বঞ্চিত সালমান খান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অভিনেতা সালমান খান আবারো ফেঁসে গেলেন তার কৃষ্ণ হরিণ শিকার মামলার কারণে। এত দিন জামিনে থাকা সালমানের দণ্ডাদেশ স্থগিতের আপিল এবার খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আর সে কারণে, এখন থেকে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাবেন না তিনি।

২০০৭ সালে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া সালমান দণ্ডিত হয়েছিলেন পাঁচ বছরের কারাদণ্ডে। বেশ কিছুদিন জেল খাটার পর জামিনে বের হওয়া সালমান ২০১৩ সালে আপিল করলে, রাজস্থানের আদালত তার দণ্ডে স্থগিতাদেশ দেয়। ২০১৪ সালের নভেম্বরে এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে আপিল করা হয় সুপ্রিম কোর্টে। সম্প্রতি ভারতের সর্বোচ্চ এই আদালতের তরফ থেকে বলা হয়েছে, কেবল ব্রিটিশ ভিসা পাওয়ার অনুমতির জন্য কারো দণ্ডাদেশ স্থগিত করা যায় না। সালমান খান যদি মনে করেন এতে তার ‘অপুরণীয় ক্ষতি’ হচ্ছে, তাহলে উচ্চ আদালতে এ ব্যাপারে তিনি আবার মামলা করতে পারেন।

সুপ্রিম কোর্টের বিচারক সালমানের আইনজীবিকে এ ব্যাপারে বলেন, আপনি বলছেন, এই দণ্ডাদেশ স্থগিত না করা হলে যুক্তরাজ্যের ভিসা পেতে আপনাদের সমস্যা হচ্ছে। কালকে, দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিবিদেরা এসে এই আদালতে বলবে, তাদেরও কারাদণ্ডে ‘সমস্যা’ হচ্ছে, সুতরাং তাদের দণ্ডাদেশও যেন মওকুফ করা হয়। আমরা কী সেটা করতে পারি?

গত বছরই সুপ্রিম কোর্ট আদেশ জারি করে যে, কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিবিদেরা সরকারী চাকরি করতে কিংবা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই আদেশের কারণে দুর্নীতি মামলায় দেষী প্রমাণিত হয়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় ক্ষমতাসীন এআইএডিএমকে দলের নেত্রী জয়ললিতাকে।

ব্রিটিশ আইন  অনুযায়ী, চার বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যাক্তি দেশটিতে যাওয়ার ভিসা পাবেন না। ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শুটিংয়ের সময় বিপন্ন প্রজাতির কৃষ্ণহরিণ শিকার করেছিলেন সালমান, যা ভারতের আইনে শাস্তিযোগ্য অপরাধ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026