নিউজ ডেস্ক: গত ২৫ জানুয়ারি এক অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছিলেন তাদের দাওয়াত না দিলেও তারা কোকোর জানাজায় অংশ নেবেন। কিন্তু শেষ পর্যন্ত কোকোর জানাজায় অংশ নেননি আওয়ামী লীগের নেতারা। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার জোটের শরিক ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় কোকোর জানাজায়।
এদিকে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘোষণার পরেও আ.লীগ নেতাদের কোকোর জানাজায় অংশ না নেওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, দলীয় সভাপতি শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে ঢুকতে না দিয়ে অপমান করায় ও অপ্রীতিকর ঘটনার আশংকায় তারা জানাজায় অংশ নেননি।
শেখ হাসিনাকে বিএনপির গুলশানের কার্যালয় থেকে ফিরিয়ে দেয়ার পরও কোকোর জানাজায় যাওয়ার ঘোষণা দেয়ায় দুর্যোগ ব্যস্থাপনা মন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ওপর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষুব্ধ হয়েছেন।
জানাজায় অংশ না নেয়া প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর এক সদস্যের কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা কী দলীয়ভাবে বলেছি যে তার জানাজায় যাব? যিনি জানাজায় যাওয়ার ঘোষণা দিয়েছেন তার কাছে জিজ্ঞাস করুন কেন যাননি। প্রতিক্রিয়া জানালেও তিনি তার নাম প্রকাশ করতে চাননি।
বিএনপির আচরণের ঠিক ঠিকানা নেই মন্তব্য করে ওই নেতা আরও বলেন, তাদের যে ধরনের ব্যবহার আমরা লক্ষ্য করছি তাতে জানাজায় গেলেও যে কোনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হবে না তার গ্যারান্টি কে দেবে? যারা বঙ্গবন্ধু কন্যা ও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করতে পারে তাদের সাথে তো আসলে কোনও ধরনেরই সম্পর্ক রাখা চলে না।
এদিকে, এ বিষয়ে যোগাযোগ করেও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কোনও মন্তব্য পাওয়া যায়নি। তাকে ফোন দিলে একটি মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন কোকোর জানাজায় অংশ নেয়ার আগাম ঘোষণা দানকারী এই নেতা।
উল্লেখ্য, মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোকোর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত রহমান কোকো। বুকে ব্যথা ওঠার পর হাসাপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।