বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১

কঠোর নিরাপত্তায় পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপের

কঠোর নিরাপত্তায় পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপের

ওয়েছ খছরু: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট স্টেডিয়ামে পর্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। হরতাল-অবরোধের কারণেই কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে আন্তর্জাতিক এ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণিল ও বৈচিত্র্যে ভরপুর। প্রায় আধ ঘণ্টার এই আয়োজনে উঠে আসে সিলেটের ঐতিহ্যের নানা দিক। ছিলো কণ্ঠশিল্পী মিলার মাঠ মাতানো গান। তালে তালে নেচে উঠেছিল দর্শকরাও।

তবে খেলা শেষে তাদের বাড়ি ফিরতে হয়েছে মুখ ভার করে। প্রথম খেলাতেই বাংলাদেশ দল মালয়েশিয়ার কাছে হার মানে ১-০ গোলে। ১৯৯৯ সালের পর আয়োজিত এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ দলের শুরু হয়েছে হার দিয়ে। অনেক গোলের সুযোগ পেলেও কোন কাজে লাগাতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে গোল আদায় করে নেয় মাত্র দু’দিন আগে ঢাকায় আসা মালয়েশিয়া অনূর্ধ্ব ২৩ দল। ‘এ’ গ্রুপের তৃতীয় দল শ্রীলঙ্কা। সেমিফাইনালে খেলতে হলে পরের খেলায় জিততেই হবে বাংলাদেশকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সদর আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখানে টুর্নামেন্টের আয়োজন করতে পেরে তৃপ্তি বোধ করেন। বললেন, এবার সফল হলে ভবিষ্যতে দরোজা খুলে যাবে। সিলেট এখন ফুটবলময়। বিভাগীয় এ নগরীতে এবারই প্রথম বসেছে কোন আন্তর্জাতিক ফুটবল আসর। হরতাল-অবরোধের কারণে কিছুটা ভাটা পড়লেও মাঠ নিয়ে কঠোর নিরাপত্তা বলয় গ্রহণ করেছিলো পুলিশ। দুপুর গড়াতেই সিলেট স্টেডিয়ামমুখী হতে থাকেন দর্শকরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে দর্শকরা স্টেডিয়ামের দিকে আসতে থাকেন।

এরই মধ্যে পুলিশ স্টেডিয়ামের চারপাশ ঘিরে ফেলে। বন্ধ করে দেয়া হয় হাঁটাচলার রাস্তাও। চৌহাট্টা এলাকায় প্রতিবন্ধক দিয়ে টিকিট দেখে দেখে দর্শকদের ঢুকতে দেয়া হয় ভেতরে। একইভাবে লামাবাজার, মধুশহীদ ও মীরের ময়দান এলাকায় দেয়া হয় প্রতিবন্ধক। এর ভেতরে গ্রহণ করা হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ছিলো র‌্যাব ও পুলিশ। পাশাপাশি নগরজুড়ে বিজিবি হুইসেল বাজিয়ে নিরাপত্তা গ্রহণ করে। বিকাল ৩টায় লামাবাজার এলাকায় আটকা পড়েন শত শত দর্শক। তবে, কাউকেই আটকে রাখা হয়নি। টিকিট দেখে দেখে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

একই দৃশ্য মধুশহীদ ও মীরের ময়দান এলাকারও। দর্শকরা আগে-ভাগেই এসে মাঠে জায়গা দখলে নেন। পদে পদে নিরাপত্তা বেষ্টনী ও ঝক্কি-ঝামেলা মিটিয়ে মাঠে আসা দর্শকরা খেলা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মাতিয়ে রেখেছেন পুরো মাঠ। এবার দর্শকের কোন উচ্ছৃঙ্খলতা নয় বরং ভদ্র আচরণ খেলাকে করেছে শৈল্পিক। বিকাল সাড়ে ৩টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে মণিপুরী সমপ্রদায়ের একটি দলীয় নৃত্য পরিবেশন করা হয়। পরে সিলেটের চা বাগানের ঐতিহ্য তুলে ধরে আরও একটি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। প্রথমেই মঞ্চে আসেন সিলেটের শিল্পী শামীম আহমদ। বাউল আব্দুল করিম সহ আঞ্চলিক ভাষার গান পরিবেশন করেন তিনি।

আঞ্চলিক ভাষার গান পরিবেশনের বৃত্ত থেকে বের হতে পারেননি শুভ্র দেবও। তিনিও মঞ্চে এসে প্রথম গোল, গোল, গোল-থিম সং পরিবেশন করেন। এরপর তিনি সিলেটী ভাষার আরও দুটি গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান মাতালেন কণ্ঠশিল্পী মিলাও। গান শুরু করে দৌড় দিলেন মাঠের ভেতর। ছুটে গেলেন গ্যালারির কাছাকাছি। তখন তাকে দেখে গ্যালারি ছেড়ে নিচে নেমে আসেন দর্শকরা। এ দৃশ্য দেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগিয়ে যান। কিছুটা নিবৃত্ত করার চেষ্টা করেন মিলাকে।

মিলা গান পরিবেশন করার ফাঁকেই মাঠে ঢুকেন টুর্নামেন্টের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনিও মাঠে বাউন্ডারি লাইন ঘেঁষে দাঁড়িয়ে গান শুনেন। বিকাল চারটায় শুরু হয় মূল উদ্বোধনপর্ব। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে মাঠে প্রবেশ করেন অতিথিরা। মঞ্চে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী এ সময় তার বক্তৃতায় বলেন, সিলেটের মাঠে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট সিলেটবাসী স্মরণে রাখবে। সিলেটের মানুষ ফুটবল কিংবা ক্রিকেটকে ভালোবাসে। নির্মল আনন্দের জন্য ভবিষ্যতে এরকম আরও আয়োজনের কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, খেলা চলার সময় আন্দোলন চালানো উচিত নয়। অর্থমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর সবাই দাঁড়িয়ে এক সঙ্গে জাতীয় সংগীত গেয়ে উঠেন। এরই ফাঁকে মাঠে প্রবেশ করেন দু’দলের খেলোয়াড়রা। তারা কিছুটা গা গরম করে নেন। এরপর ফিফার ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করেন দুই দলের খেলোয়াড়রা। তখন অর্থমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এদিকে, খেলা চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তার বেষ্টনী সৃষ্টি করে পুরো স্টেডিয়ামে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো মাঠ মনিটরিং করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026