বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১

পুরস্কারের ছড়াছড়ি: সাধারণ মানুষকে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগ

পুরস্কারের ছড়াছড়ি: সাধারণ মানুষকে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক: বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে সহিংসতাকারী দুর্বৃত্তদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে সরকারসহ র‍্যাব- পুলিশ। নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলেই লাখ টাকা পুরস্কার। শুধু নাশকতাকারীই নয়, বোমা বাজ, বাসে অগ্নিসংযোগকারী এ সম্পর্কিত তথ্য দিলেও বিভিন্ন অঙ্কের টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই ডিএমপিতে চলছে পুরস্কারের ছড়াছড়ি। ধরিয়ে দিতে পারলেই পুরস্কার। তবে র‍্যাব-পুলিশের এই ঘোষণা

কোনো কাজে আসছে না। অপরাধীকে ধরিয়ে দিয়ে এখন পর্যন্ত কেউ পুরস্কার পেয়েছেন বলে জানা যায়নি। এমনকি নগরীতে পোস্টার সাঁটিয়ে, লিফলেট বিলিয়েও কোনো সাড়া পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দিকে র‍্যাব-পুলিশের এই পুরস্কার ঘোষণাকে পুঁজি করে একশ্রেণীর প্রতারক মাঠে নেমেছে। তারা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ কেউ আবার ব্যক্তিগত প্রতিশোধ নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বোমাবাজ বা নাশকতাকারী বলে পুলিশে অভিযোগ করে হয়রানি করাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে র‍্যাব দাবি করেছে, হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতা করার সময় তিন নাশকতাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচজনকে মোট এক লাখ টাকা পুরস্কার দিয়েছে র‍্যাব। পুলিশ জানিয়েছে, ৫ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ঢাকা মহানগরে ১২টি গাড়ি ভাঙচুর ও ১২০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রলবোমায় আহত হয়েছে পুলিশ, শিশু নারীসহ অন্তত ৮৩ জন। যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৫ জন মারা গেছেন।

এছাড়া ৩২ জন চিকৎসা নিয়ে চলে গেছে বাকিরা চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে নগরীর বিভিন্ন থানায় ৪৯টি ফৌজদারি মামলা হয়েছে। এ সব মামলায় ঢাকা মহানগর এলাকা থেকে ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০৬ জনকে জনতা হাতে-নাতে ধরে পুলিশে দিয়েছে। যার মধ্যে ৬৭ জন বিএনপি ও ৩৯ জন জামায়াত সমর্থক। এদের ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। তবে ঢাকা মেডিকেল ও নগরীর বিভিন্ন থানায় এলাকায় সূত্র মতে ভাঙচুর ও গ্রেপ্তারের চিত্র আরো ভয়াবহ।

এছাড়া সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে ৩৭ জন নিহত এবং সহস্ত্রাধীক আহত হয়েছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, ‘বন্দুকযুদ্ধ’, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকদের সংঘর্ষ, বোমা ও আগুনে পুড়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দেড় শতাধিক পুলিশ সদস্য রয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়। পরিবহন সেক্টর থেকে দাবি করা হয়েছে একই সময়ে গাড়ি আক্রান্ত হয়েছে হাজারের ওপরে।

এরমধ্যে আগুনে পুড়েছে চার শতাধিক। অগ্নিসংযোগের পাশাপাশি বিপুলসংখ্যক গাড়িতে ভাংচুর চালানো হয়েছে। ককটেল ও বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটেছে কয়েকহাজার। তবে পুলিশ সূত্র জানায় দুই শতাধিক ককটেল ও বোমার বিষ্ফোরণ ঘটেছে। ককটেল ও বোমা উদ্ধার করা হয়েছে তিন শতাধিক। দেশের এ সহিংসতা প্রতিরোধেই গত ২১ জানুয়ারি বুধবার হরতাল-অবরোধের মধ্যে নাশকতাকারিকে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয় সরকার। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ পুরস্কারের ঘোষণা দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আগের দিন মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুরস্কার দেয়ার উদ্যোগের কথা জানালেও তিনি টাকার বিষয়টি জানাননি।

অন্যদিকে হরতাল-অবরোধে যারা নাশকতা করছে তাদের ধরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরোধে নাশকতার শিকার নিরীহ মানুষের চিত্র তুলে ধরে মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, “কোনও জাতীয় ইস্যু নয়। ব্যক্তিগত কারণে উনি (খালেদা জিয়া) খুন করে যাচ্ছেন। খুনির বিচার যা হওয়া উচিত, সেই বিচার হবে। নাশকতাকারিদের ধরিয়ে দিতে পুরস্কারের সুনির্দিষ্ট অংক ঘোষণার জন্যও এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি নির্দেশণা দেন।” সরকারের এ ঘোষণার দুই দিন পরেই গত ২৪ জানুয়ারি শনিবার সকালে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করে র‍্যাব। র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ নাশকতাকারীদের ধরিয়ে লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

এ সময় দেশের বিভিন্ন সহিংসতার চিত্র তুলে ধরে র‍্যাব প্রধান বলেন, “গুটি কয়েক অপরাধীর কারণে দেশের ষোল কোটি মানুষ জিম্মি থাকতে পারে না। যদি কেউ পেট্রলবোমা নিক্ষেপকারীদেরকে হাতে নাতে গ্রেপ্তারে সাহায্য করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যারা খবর দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে।” বেনজির আহমেদ বলেন, “পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে তাদেরও এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এছাড়া, ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা দেওয়া হবে। যদি কেউ টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রলবোমা নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরকারীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পেট্রলবোমা নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার টাকা এবং গাড়িতে বোম, অগ্নিসংযোগ, ভাঙচুরের ছবি ব্যক্তিগত মোবাইলে অথবা ক্যামেরায় ভিডিও চিত্র ধারণ করে র‌্যাবে সরবরাহ করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।” এছাড়া যদি কেউ ককটেল নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে প্রত্যেককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। র‍্যাবের এ ঘোষণার এক দিনের মাথায় ২৬ জানুয়ারি সোমবার দুপুরে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, “রাজধানীতে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও নাশকতাকারীদের গ্রেপ্তারে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া ককটেল বা পেট্রলবোমা হামলাকারীকে গ্রেপ্তারে সহায়তায় ৫০ হাজার এবং বোমা মজুদ বা প্রস্তুতের তথ্য প্রদানের মাধ্যমে কোনো অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করলে ২৫ হাজার টাকা দেওয়া হবে।” এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে যাত্রাবাড়িতে বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন জ্বালিয়ে ২৯ জন যাত্রীকে দগ্ধ করার দুর্বৃত্তদের কেউ প্রমাণসহকারে ধরিয়ে দিতে পারে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে সোমবার দুপুরে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে হরতাল- অবরোধে নাশকতাবিরোধী পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরন করে র‍্যাব। মঙ্গলবার থেকে পুলিশও নগরীর বিভিন্ন এলাকায় নাশকতাবিরোধী পোস্টার, লিফলেট ও স্টিকারসহ পুরস্কার ঘোষণা পত্রের লিফলেট বিতরন করে। এ সময় র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, “তিন নাশকতাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য ৫ জনকে মোট একলাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।” তিন বলেন, “এই পাঁচজনের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হল না। তারা শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার সময় তিন দুর্বৃত্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। তবে তারা যাতে নিরাপত্তাহীনতায় না থাকেন সে পদক্ষেপও নেওয়া হয়েছে।”

তবে একাধিক সূত্র জানায়, সরকার, র‍্যাব ও পুলিশের এই পুরস্কার ঘোষণার পর বেশ কিছু এলাকায় কিছু প্রতারক সাধারণ মানুষের পিছু লেগেছে। বিশেষ করে পুলিশের সোর্স পরিচয়দানকারী কিছু অপরাধী এই বিষয়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাবাড়ি এলাকার এক বাসিন্দা জানান, কয়েকজন লোক তাকে বোমাবাজ বলে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতানোর চেষ্টা করছে। কদমতলী এলাকার এক যুবক জানান, তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, এলাকার পুলিশের সোর্স হুমকি দিয়ে আসছে, তাকে টাকা না দিলে সে বোমাবাজ বলে তাকে পুলিশে ধরিয়ে দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026