বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭

জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি

জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশে চলমান সঙ্কটাবস্থা থেকে উত্তরণে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ মুহূর্তে সংলাপকেই একমাত্র পথ বলে মনে করছে দলটি। ‘টাইমস অব ইন্ডিয়া’র কাছে দেয়া এক ইমেইল-সাক্ষাৎকারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বিএনপি’র অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি মনে করেন, উদ্ভূত পরিস্থিতিতে সংলাপের কোন বিকল্প নেই। সংলাপ ব্যর্থ হলে, ফের সংলাপের মাধ্যমেই এ সঙ্কটাবস্থা থেকে উত্তরণ সম্ভব। দেশে বিরাজমান সহিংসতা ও অচলাবস্থা নিরসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে সংলাপ আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান মঈন খান।

তিনি বলেন, নিশ্চিতভাবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থেই বাংলাদেশে বর্তমানে যে অচলাবস্থা বিরাজ করছে, তা দ্রুত সমাধানে নজর দিতে হবে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঙ্কট সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ঐকমত্যে আসার জন্য পরামর্শ ও আলোচনা করা। সংলাপ ব্যর্থ হলে, পরবর্তী বিকল্পও সংলাপ।

নিরীহ মানুষকে টার্গেট করা বিএনপি এ ধরনের সহিংস আন্দোলনের পথ বেছে নিলো কেন, এমন প্রশ্নের উত্তরে মঈন খান বলেন, বর্তমানের ব্যাপক মাত্রায় যে সহিংসতা চলছে, তা দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের ফল। গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের অভাবে শাসনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার কারণেই এ সহিংসতার সূত্রপাত। চলমান সহিংসতা ‘কোন রোগ নয়, রোগের উপসর্গ’ বলে মন্তব্য করেন তিনি। সংলাপ আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বিএনপি’র বহু সিনিয়র নেতাসহ প্রায় ১০,০০০ কর্মী মিথ্যা মামলায় আটকাবস্থায় রয়েছেন।

সংলাপে বসার মতো গণতান্ত্রিক পরিবেশ দেশে নেই। চিহ্নিত কোন অপরাধী বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় বিস্ময় প্রকাশ করেন তিনি। তারা সরকারের মদদ পাচ্ছে বলেও মন্তব্য করেন মঈন খান। তবে এ পরিস্থতি থেকে বেরোনোর একমাত্র পথ সংলাপ এবং সে জন্য জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026