নিউজ ডেস্ক: উগ্রবাদী মতবাদ ও চরমপন্থীদের খপ্পরে পড়ে যখন আমাদের তরুণরা বিভ্রান্তির শিকার, ইসলামকে ভয়ংকররূপে চিত্রিত করতে একশ্রেণীর মুসলিম নামধারী গোষ্ঠি যখন নৃশংসতা ও অমানবিক তৎপরতা অব্যাহত রেখেছে আর মিডিয়াও এসব ফলাও করে প্রচারে উঠেপড়ে লেগেছে, এর ফলে ইসলামোফোবিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ তখনই ওয়েষ্ট লন্ডনের হাউন্সলো মসজিদে সফলতার সাথে অনুষ্ঠিত হলো টি এন্ড টোর শিরোনামে একটি ইসলামিক এক্সিভিশন।
১৫ ও ১৭ মার্চ তিনদিনব্যাপী ওপেনডেতে উক্ত মসজিদে মুসলিম, অমুসলিম নির্বিশেষে ১২ শতাধিক মানুষ অংশগ্রহণ করে ইসলাম সম্পর্কে আরো জ্ঞানলাভ করেছেন। এক্সিভিশন ঘুরে ঘুরে দেখে বিভিন্ন ইসলামিক বিষয় সম্পর্কে অবহিত হয়েছেন, তাদের মনে জমে থাকা নানা নেতিবাচক প্রশ্নের জবাব খুঁজে পেয়েছেন এবং নানা সন্দেহ-সংশয়ের অপনোদন করতে সক্ষম হয়েছেন। ওয়েষ্ট লন্ডনে প্রতিষ্ঠিত এবং কর্মরত বিভিন্ন ইসলামিক সেন্টার যেমন ওয়েষ্ট লন্ডন মুসলিম সেন্টার, বিভিন্ন মসজিদ, কমিউনিটি ও ইয়ূথ সংগঠনসহ গোটা মুসলিম কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় এবং এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই এক্সিভিশন সুসম্পন্ন হয়।
এই উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানে হাউন্সলো মসজিদের সেক্রেটারী জেনারেল শফিক রহমান বলেন, আমরা এই এক্সিভিশনের মাধ্যমে আমাদের স্থানীয় জনসাধারণকে আমন্ত্রণ জানাতে এবং তাদেরকে আমাদের মসজিদে স্বাগত জানাতে পেরেছি। আমরা মনে করি আমাদের সর্বোত্তম প্রচেষ্টা এই শিক্ষামূলক এক্সিভিশন করে আমরা চরমপন্থা ও গোঁড়ামির বিরুদ্ধে জিহাদ শুরু করতে পেরেছি। কারণ শিক্ষাই সকল অসহিষঞুতা ও ইসলাম আসলে কী সে সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে।
এক্সিভিশনে মূল সংগঠকের দায়িত্ব পালন করে যৌথভাবে হাউন্সলো মসজিদ, মুসলিম এওয়ারনেস প্রজেক্ট ও হায়া (ইয়ুথ সংগঠন)। এতে এলাকার অমুসলিম প্রতিবেশি, বিভিন্ন স্কুলের ছাত্র-শিক্ষক, কমিউনিটি লিডার, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন ধর্মের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ, আবাল-বৃদ্ধ-বণিতার একটি মিলন মেলায় পরিণত হয় গোটা মসজিদ। তাদের জন্য ছিলো বিভিন্ন রকমের চা, বিস্কুট, সমসা, চিপস্্সহ হালকা খাবারের ব্যবস্থা। একটি উৎসবের আমেজ এনে দেয় মসজিদে যেখানে কোন ধর্মের ভেদাভেদ ছিলো না।
সবাই যে যার মতো করে ঘুরে এক্সিভিশনে স্থাপিত বিভিন্ন ষ্টলে গিয়ে আল্লাহ, তাঁর রাসূলগণ, মুহাম্মদ (সাঃ), কোরআন, মসজিদ, ইসলামিক সভ্যতা, বৃটেনে ইসলাম, হজ্ব ইত্যাদি সম্পর্কে জেনেছেন এবং খোলামেলাভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। এ সকল কাজে ভলান্টিয়ার হিসেবে এলাকার মুসলিম যুবক-যুবতীরা সহযোগিতা করেছেন এবং মসজিদের ইমামগণ ইসলামিক সার্কলের মাধ্যমে অমুসলিমদের নিয়ে বিভিন্ন গ্রপে এবং এককভাবেও আলোচনায় মিলিত হয়েছেন।
নামাজের সময় পেছন থেকে অমুসলিমরা মুসলমানরা জামায়াতে নামাজের দৃশ্য অত্যন্ত আগ্রহভরে অবলোকন করে মুগ্ধ হয়েছেন। অমুসলিম অনেকেই এই এক্সিভিশনের ভ‚য়শী প্রশংসা করেছেন এবং এলাকাবাসীও চান যে, প্রতি বছরই যাতে এরকম একটি অনুষ্ঠান হয়।
ইসলাম এওয়ারনেস প্রজেক্টের চেয়ারম্যান রাইহান উদ্দিন বলেন, এটা খুবই আনন্দদায়ক যে আমরা বিভিন্ন কমিউনিটির মানুষ (ধর্ম বর্ণ নির্বিশেষে) এ উপলক্ষে একসাথে মিলিত হতে পেরেছি। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কমিউনিটির মানুষের কাছে যাওয়া, তাদেরকে আমাদের ঘরে ও মসজিদে আমন্ত্রণ জানানো যাতে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা সেগুলো দুর হয় এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক স্থাপিত হয়। বর্তমানের এই কঠিন সময়ে একাজটি অত্যন্ত জরুরী।
এ ব্যাপারে হায়া’র ডাইরেক্টর এবং উক্ত প্রজেক্টের লিডার সুহেল মিয়া বলেন, এই এক্সিভিশনকে সফল করে তুলতে এলাকার যে সকল তরুণ-তরুণী কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে আমি এর ক্রেডিট দিতে চাই। তাদের কাজ প্রশংসনীয়। তারা আমাদের ভবিষ্যত প্রজন্ম, তারাই আমাদের আগামীতে নেতৃত্ব দেবে। তাদেরকে বিকশিত করতে আমাদের আরো সুযোগ-সুবিধা, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এবং কমিউনিটির সেবায় যোগ দিতে আরো অনুপ্রেরণা দেয়ার প্রয়োজন।