বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬

ড. শায়খ জামাল বাদাউই’র একটি সময়োপযুগী খুতবা

ড. শায়খ জামাল বাদাউই’র একটি সময়োপযুগী খুতবা

মুসলিম বিশ্বাস এবং ইসলামিক বিশ্বজনীন মূল্যবোধ

ইসলাম গ্রহণে কোন জোরজবরদস্তি করা যাবেনা, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে

আকবর হোসেন: আইএস ভাইরাসে যখন আমাদের যুব সমাজ আক্রান্ত, একটি সংক্রামক ব্যাধির মতো যখন তাদের বিভ্রান্তিকর মতাদর্শ ছড়িয়ে পড়ছে এবং এর ফলে তরুণ-তরুণীরা তাদের সাথে কথিত জিহাদে যোগ দিচ্ছে, ইসলামকে ভয়ংকররূপে দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করতে যখন একশ্রেণীর মুসলিম নামধারী সন্ত্রাসী উঠেপড়ে লেগেছে, একশ্রেণীর মিডিয়ায় প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে নেতিবাচক চিত্র তুলে ধরছে তখনই বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ, প্রথিতযশা বক্তা, লেখক শায়খ ড. জামাল বাদাউই একটি সময়োপযুগী খুতবায় মুসলিম বিশ্বাস এবং ইসলামিক বিশ্বজনীন মূল্যবোধ সম্পর্কে চমৎকারভাবে কোরআন হাদীস থেকে উপস্থাপন করলেন।

তিনি মুসলিম কমিউনিটিকে মজবুত ঈমান এবং অন্তরকে পবিত্রকরণ, ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ জ্ঞান এবং এসবের ভিত্তিতে অন্যান্য সকল মানুষের সাথে আচার-আচরণ, উঠবসা, লেনদেনে এর প্রতিফলনের পরামর্শ দিলেন। ২৭ মার্চ ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ ইষ্ট লন্ডন মসজিদে উপস্থিত হাজারো মুসল্লীদের সামনে ড. বাদাউই এই খুতবা পেশ করেন। তিনি খুতবায় মুসলমানদের সাথে অন্যান্য ধর্মের মানুষের সাথে সম্পর্ক কী হবে এর উপর বিস্তারিত আলোচনা করেন।

ড. বাদাউই সুরা বাক্বারার ১৪৩ নং আয়াত “এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি – যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্যে।” উল্লেখ করে বলেন, ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ দ্বীন। এখানে অতিরঞ্জনের কোন স্থান নেই। ইসলাম গ্রহণে কোন জোরজবরদস্তি করা যাবেনা। মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। ভালোবাসাপূর্ন ন্যায় ও ইনসাফভিত্তিক আচরণ করতে তিনি আহবান জানান।

দুনিয়াতে যারা নৃশংসতা করছে তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, তারা প্রমাণ করুক আমাদের এই দলিল মিথ্যা। কোরআন শরীফের আয়াতের পিক এবং চুজ করার কোন সুযোগ নেই। এটিকে ঐতিহাসিক কনটেক্সটসহ অনুধাবন করতে হবে। তিনি তাদের কথায় বিভ্রান্ত না হয়ে সকলকে কোরআন হাদীসের দিকে ফিরে যাবার উদাত্ত আহবান জানান।

যাদের ইসলামের প্রাথমিক জ্ঞানই নেই তারা ইসলামের নাম নিয়ে কিছু সংখ্যক তরুণদের রেডিক্যাল হতে মদদ দিচ্ছে এ খুতবায় তাদের জন্য উপযুক্ত শিক্ষা রয়েছে বলে অনেকেই মনে করেন। এ সব উগ্রপন্থা ও চরমপন্থীদের বিরুদ্ধে ড. বাদাউই’র রয়েছে বলিষ্ঠ উচ্চারণ।

[শায়খ ড. জামাল বাদাউই একজন কানাডিয়ান মুসলিম যিনি মিশরে জন্মগ্রহণ করেন। তিনি কানাডার ইসলামিক ইনফরমেশন ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট এবং দি ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইস্না)’র ফিক্্হ কাউন্সিলের মেম্বার। সাবেক অধ্যাপক ড. বাদাউই সেন্ট মেরিজ ইউনিভার্সিটি ইন হালিফ্যাক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রিলিজিয়াস ষ্টাডিজ এবং ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করেন। তিনি ইসলামের উপর একজন সুপরিচিত লেখক, বক্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব। তিনি অনেক বই এবং আর্টিকেল লিখেছেন এবং টেলিভিশনে ইসলাম বিষয়ক প্রায় ৪শ’ শো পরিবেশিত হয়েছে।]

ড. বাদাউই বলেন, আমরা দু’টি বিষয়ের উপর আলোকপাত করবো। প্রথমটি হচ্ছে এই সম্পর্কের ভিত্তি কী হবে। এটা কি এমন যে কেউ কিছু দাবী করলো (মনগড়াভাবে) নাকি কোরআন ও সুন্নাহতে ফিরে যাওয়া এবং সেখান থেকে ইসলামের মৌলিক বিশ্বাস সম্পর্কে জানা। তারপর সেখান থেকে এর বিস্তারিত পর্যায়ে যাওয়া। যেটাকে আমি ইসলামিক বিশ্বজনীন মূল্যবোধ। কোরআন যেমন মুসলমানদের উদ্দেশ্য করে বলেছে তেমনি সমগ্র বিশ্ববাসী বা আদম সন্তানকে উদ্দেশ্য করেও আয়াত নাজিল হয়েছে।

তারপর তিনি তিনটি মৌলিক ইসলামিক বিশ্বাসের প্রতি আলোকপাত করেন। সেগুলো হচ্ছে: তাওহীদ (আল্লাহর একত্ববাদ) তাঁর প্রতি সবক্ষেত্রে বিশ্বাস, ভালোবাসা, তাঁর সন্তুষ্টি অর্জন, তাঁর অবাধ্য না হওয়া। তার মানে এই নয় যে আমরা অন্য কমিউনিটির মানুষের সাথে খারাপ ব্যবহার করবো। নবুয়্যাহ (নবীদের প্রতি বিশ্বাস) – তাদের প্রতি কিতাব নাজিল হয়েছে, কোরআনের আলোকে সবকিছুর উপর বিশ্বাস স্থাপন। তার মানে এই নয় যে, আমরা অন্য নবীদের ব্যাপারে এক ধরণের বিরুদ্ধবাদীয় লিপ্ত হবো। কারণ অন্য সকল নবী শুধু তাদেরই নবী নন আমাদেরও।

তৃতীয়টি হচ্ছে আখেরাত (পরকাল)। সেদিন সকলকেই আল্লাহর সামনে হিসেব দেয়া লাগবে। অপরাধীরা দুনিয়াতে পালিয়ে থাকতে পারলেও আখেরাতে কেউই আল্লাহর কাছ থেকে দুরে সরে যেতে পারবেনা। তাঁর সামনে সকলকেই জবাবদিহি করতে হবে। যদি কোন মুসলিম বা কোন মুসলিম দল দুঃখজনকভাবে আল্লাহর নামে কিংবা ইসলামের নামে কোন নৃশংস কাজ করে, দুর্ব্যবহার করে, নির্যাতন করে এবং ইসলাম গ্রহণ করতে জোর জবরদস্তি করে, নিষ্ঠুরভাবে তাদের হত্যা করার কথা বাদই দিলাম তাহলে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এই আখেরাতে বিশ্বাস বা জবাবদিহিতা শুধু থিউরিটিকেলিই নয় এটি হচ্ছে মুসলমানদের জন্য নৈতিক আচরণের একটি শক্ত ভিত্তি। যারা আসলেই আখেরাতে জবাবদিহিতার বিশ্বাস করে না তারা যা’ খুশি তা-ই করতে পারে।

কোরআন-হাদীসের আলোকে মৌলিক মূল্যবোধ: ইসলামিক ইউনিভার্সেল ভ্যালুজ

পবিত্র কোরআনে যখন বলা হয় হে ঈমানদারেরা তার মানে হচ্ছে যারা এখন পর্যন্ত ঈমান এনেছো। আর যখন সারা বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলা হয় তখন সেটা ইসলামিক বিশ্বজনীন হয়ে যায়। সকল মানুষকে উদ্দেশ্য করে বলার অর্থ শুধু মুসলমান বা অন্য ধর্মের মানুষই নয় বরং সকল মানুষ। তেমনি আদম সন্তানের অর্থও সকল মানুষ, হোক বাধ্য কিংবা অবাধ্য।

মানবিক মর্যাদার বিশ্বজনীনতা:

আদম সন্তানকে আমরা শ্রেষ্ঠত্ব-বৈশিষ্ট্য দান করেছি, তাদেরকে স্থল ও জল পথে যানবাহন দান করেছি এবং তাদেরকে পাক-সাফ জিনিষ দ্বারা রেজক দিয়েছি, আমাদের বহুসংখ্যক সৃষ্টির উপর সুস্পষ্ট প্রাধান্য দান করেছি – এসব আমারই একান্ত দয়া ও অনুগ্রহ।

এই আয়াতের আলোকে যে কেউ কাউকে কষ্ট দিলে অবমাননা করলে তারা বিশ্বাসী বলে দাবী করলেও তারা আল্লাহ থেকে অনেক দুরে রয়েছে। এমনকি কেউ বিশ্বাসী না হলেও তাকে নীচু করে দেখার কোন সুযোগ নেই। অপরাধ করলেতো তারা আল্লাহর কাছে শাস্তি পাবে। (সেখানে আমাদের শাস্তি দেয়ার কী আছে!)

মানুষের জীবনের পবিত্রতা:

আল্লাহতাআলা বলেছেন, “যদি কেহ কোন খুনের পরিবর্তে কিংবা জমীনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া অন্য কোন কারণে কাউকে হত্যা করে সে যেনো সমস্ত মানুষকে হত্যা করলো। আর যদি কেউ কাউকে জীবনদান করে, তবে সে যেনো সকল মানুষকে জীবন দান করলো। কিন্তু তাদের অবস্থা এই যে, আমাদের রসূল উপর্যুপরি তাদের নিকট সুষ্পষ্ট হেদায়াত নিয়ে আগমন করে, তা সত্তে¡ও অধিকাংশ লোক পৃথিবীতে খুবই বাড়াবাড়ি করে থাকে।” মানুষের জীবনের মূল্য শুধু মুসলমানদের জন্যই নয়। সকলের জীবনেরই মূল্য রয়েছে। এই জীবনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। যেমন আজকে হত্যাকান্ড চলছে, সঠিক ইসলামিক শিক্ষার অভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে ।

কিছু স্বৈরশাশক উক্ত আয়াতের অপব্যাখ্যা করে শান্তিপূর্ণভাবে অন্যায় অসত্যের বিরুদ্ধে অবস্থানকারী, শোষণের-নিপীড়নের বিরোধীতাকে শক্তি দিয়ে দমন করে। অথচ তারাতো জলিমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। ফাসাদ সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। যারা সন্ত্রাস সৃষ্টি করে, চুরি ডাকাতি করে, অস্ত্রবাজি করে, তাদের অপরাধ অনুযায়ী শাস্তির কথা বলা হয়েছে। স্বৈরশাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে জিহাদ

মানুষের মাঝে সমতা (হিউম্যান ইকুয়ালিটি):

আখেরাতে মানুষের মাঝে বিশ্বাস অবিশ্বাস অনুযায়ী বিচার হবে এটা ঠিক কিন্তু এখানে বৈষম্য করার কোন সুযোগ নেই মানুষ হিসেবে। আমরা এখানে কোন বিচারক নই। মানুষ হিসেবে সকলেই সমান।

আল্লাহতাআলা বলেছেন, “হে মানুষ আমরাই তোমাদিগকে একজন পুরুষ ও একজন স্ত্রী হতে সৃষ্টি করেছি। এরপর তোমাদিগকে জাতি ও ভ্রাতৃগোষ্ঠি বানিয়ে দিয়েছি, যেনো তোমরা পরস্পরকে চিনতে পারো। বস্তুতঃ আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানার্হ সে, যে তোমাদের মধ্যে সবচে’ নীতিপরায়ন। নিঃসন্দেহে আল্লাহ্্ সবকিছু জানেন এবং সব বিষয়ে অবহিত।” সুরা হুজুরাত ১৩

যারা গর্ব-অহংকারে এরোগ্যান্ট হয়ে যায় কারণ তাদের অনেক অর্থ, অস্ত্র, ক্ষমতা পেয়ে এর অপব্যবহার করে তারা আল্লাহ থেকে দুরে চলে যায়। হাদীসে বলা হয়েছে, আরবের উপর নন আরবের কোন প্রাধান্য নেই তেমনি কালোর উপর সাদার কিন্তু পার্থক্য করার বিষয় হচ্ছে তাক্বওয়া। এভাবে আমরা কোরআনের সাথে হাদীসের যোগসূত্র স্থাপন করতে পারি। যারা বলে আমরা কোরআনের অনুসারী কিন্তু হাদীসকে এড়িয়ে চলে তারা আসলে কোরআনের অনুসারী নয়।

ধর্মীয় স্বাধীনতা:

ইচ্ছানুযায়ী কোন ধর্ম অনুসরণের স্বাধীনতা মানুষের আছে। সে যেকোন ধর্ম বা দর্শন গ্রহণ করতে পারে। স্বয়ং কোরআনের সুরা কাহাফে আল্লাহতাআলা বলেন, “ বলো (হে রাসূল) এটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সত্য (কোরআন)। যে কেউ এর উপর বিশ্বাস স্থাপন করতে পারে এবং যে কেউ একে অস্বীকার করতে পারে (কোন ধরণের বাধ্যবাধকতা ছাড়াই)। তারপর এর পরিণতির কথাও বলা হয়েছে। দ্বীনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই। প্রকৃত শুদ্ধ ও নির্ভূল কথাকে ভুল চিন্তাধারা হতে ছাঁটাই করে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনলে সে এমন এক শক্ত রজ্জু ধারণ করলো, যা’ কখনোই ছিঁড়ে যাবার নয় এবং আল্লাহ সবকিছু শ্রবণ করেন ও সব কিছু জানেন।

কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বিচার করার কে? এ কারণে কাউকে হত্যা করার অধিকার কে দিয়েছে? শুধুমাত্র মানুষকে সতর্ক করা যায়। যদি কেউ গ্রহণ না করে তাহলে এটা আমার বিষয় নয় যে তাকে জোর করে বিশ্বাস করাতে হবে। কিন্তু তার সাথে কোরআন অনুযায়ী ব্যবহার করতে হবে।

শুধু ধর্ম গ্রহণ বা অস্বীকার করারই অধিকার দেয়া হয়নি তাদেরকে তাদের যেকোন ধর্ম পালনেরও অধিকার দেয়া হয়েছে। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিতে বলা হয়েছে তাদের উপসানার পদ্ধতির সাথে একমত নাহলেও এবং বিশ্বাসের সাথে একমত না হলেও । দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে মুসলমান নামধারী বিভ্রান্তরা অন্য মসজিদও ধ্বংস করে দিচ্ছে।

আমরা আমাদের ধর্মের তথ্য আদানপ্রদান করতে পারি দাওয়াত দিতে পারি কিন্তু কোনভাবেই জোরজবরদস্তি করা যাবেনা কিংবা ধর্মীয় কারণে মানবিক মর্যাদায় কোন বৈষম্য করা যাবেনা। তোমরা কি মানুষকে মুসলমান হবার জন্য জোর জবরদস্তি করছো? আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি সকল মানুষকে একজাতি বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা’ করেননি। অবশ্য আমরা বিশ্বাস করি ইসলামই সঠিক ধর্ম এজন্য আমরা তা’ অনুসরণ করি। আল্লাহতাআলা যুগে যুগে নবী-রসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে।

বিশ্বজনীন ভ্রাতৃত্ব (ইউনিভার্সেল ব্রাদারহুড):

শুধু যে তাদের বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তা আছে, উপাসনার নিশ্চয়তা আছে, তাদেরকে প্রটেক্ট করার নিশ্চয়তা দিতে হবে (যদি তুমি ক্ষমতায় থাকো) বরং এটা তারচেয়েও আরো বেশি। সুরা নিসায় আল্লাহতাআলা বলছেন, “হে জনগণ! তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন, উহা হতেই তোমাদের জুড়ি তৈরি করেছেন এবং এই উভয় হতে বহু সংখ্যক পুরুষ ও স্ত্রীলোক দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সেই খোদাকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের নিকট হতে নিজের নিজের হক্ব দাবী করো। এবং আত্মীয়সূত্র ও নিকটত্বের সম্পর্ক বিনষ্ট করা হতে বিরত থাকো। নিশ্চিত জানিও যে, আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখছেন।”এখানে আল্লাহকে ভয় করার কথা শুধু মুসলমানকেই বলা হয়নি, এই আহবান সকলের জন্যেই। পবিত্র কোরআনে হযরত মুহাম্মাদ (সাঃ)কেও মুত্তাকী হবার কথা বলা হয়েছে অথচ তিনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ নবী! এই তুলনায় আমরা কে? ইসলাম ছাড়া এমন কোন ধর্ম নেই যেখানে এভাবে মানবিক ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে।

উদাহরণস্বরূপ তিনি এই ভ্রাতৃত্বকে একটি ফুলের তোড়ার সাথে তুলনা করেন। এই তোড়ায় এককভাবে কোন একটি রঙের ফুলই শুধু সুন্দর নয় বরং তারচে’ বেশি সুন্দর হচ্ছে গোটা তোড়া। এখানে বৈচিত্রময়তার মধ্যে সৌন্দর্য্য রয়েছে। এভাবে আল্লাহতাআলা বিভিন্ন রঙের ও গন্ধের ফুলই নয়, তিনি বিভিন্ন প্রকারের প্রাণী, বিভিন্ন রঙের পাহাড়ও তৈরি করেছে।

সকলের প্রতি ন্যায় বিচার:

ন্যায় বিচার শুধু মুসলমানদের সাথেই নয় সকলের সাথেই করতে হবে। “হে ঈমানদারেরা তোমরা ন্যায়ের পক্ষে দাঁড়াও। এমনকি সেটা যদি নিজের আত্মীয়-স্বজনের স্বার্থের বিরুদ্ধে এমনকি নিজের বিরুদ্ধেও হয়।”

সুরা মায়েদার ৮। এ রকম বাণী দুনিয়াতে আর কোথায় পাবেন? দুনিয়াতে এখন বলা হচ্ছে শত্রুকে সমূলে ধ্বংস করে দাও, যতো পারো হত্যা করো, তারপর ফলাও করে এর প্রচার করো। যদিও কোরআনে কোন কোন সময় আইনসঙ্গতভাবে আত্মরক্ষার উল্লেখ রয়েছে কিন্তু তারপরও কোরআনে পারস্পরিক পূনর্মিলনের (রিকনসিলিয়েশন) কথা আছে। হয়তো আল্লাহ তোমাদের ও তাদের দিলের মধ্যে েহ ভালোবাসা পয়দা করে দেবেন। এ বিষয়ে কোরআন-হাদীসের আরো বক্তব্য আছে। রাসূলূল্লাহ (সাঃ) তায়েফে এতো কষ্ট পাবার পরও তাদেরকে ক্ষমা করে দিলেন। যারা তাকে অপমান করলো তিনি তাদের প্রতি দয়াপরবশ হলেন। মক্কা বিজয়ের পরও শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেন।

মডারেশন::

ধর্মে কোন অতিরঞ্জন করতে বারণ করা হয়েছে এমনকি ইবাদাতেও কোন অতিরঞ্জন করা যাবেনা। এখানে সংযমী হবার কথা বলা হয়েছে। সব সময় ইবাদাতের (নামাজ, নফল রোজা ইত্যাদি) পরিবর্তে সাধারণ জীবনযাপন, ঘুমানো ইত্যাদির কথা বলা হয়েছে। যদিও গোটা জীবনই ইবাদাত যদি সেটা কোরআন অনুযায়ী হয়।

রাহমা বা দয়া মার্সি টু অল:

এটি আল্লাহতাআলার একটি বিশেষ গুণ। আল্লাহর রাসূল (সাঃ) কে রহমতস্বরূপ পাঠানো হয়েছে গোটা দুনিয়াবাসীর জন্য। শুধু মানুষই নয়, জ্বীন, পশুপাখি, পরিবেশ সবকিছুর জন্যই তিনি রহমত। যখন কাউকে গলা কেটে হত্যা করা হয়, নির্যাতন করা হয় তখন এই রাহমা কোথায় যায়? যখন নির্বিচারে মানুষকে হত্যা করা হয়, অসহায় নারী পুরুষ ও শিশুদের উপর আক্রমণ করা হয়, ফাঁসির হুকুম দেয়া তখন সেই মার্সি কোথায় যায়? কারণ তারা ভিন্নমত পোষণ করে বলেই তাদের এ শাস্তি দেয়া হচ্ছে।

মুসলিম অমুসলিম সম্পর্ক:

কেউ কেউ কোরআনের আয়াতের ঐতিহাসিক কনটেক্সট ছাড়াই এর অর্থগ্রহণ করে পৃথিবীতে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তারা পিক এবং চুজ নীতি গ্রহণ করেছে। যারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, যেটি তাদের ইচ্ছা এবং আমাদেরও সে চেষ্টা করা উচিত। অমুসলিমদের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকা উচিত যদিও সে ভালোবাসা তাদের ঈমান না আনার জন্য নয়। সে ভালোবাসা মানুষের প্রতি মানুষ হিসেবে। তাদের ধর্মীয় রীতিনীতিকে গ্রহণ না করেও তাদেরকে উপহার দেয়া, হ্যাপি হলিডে বলা ইত্যাদির মাধ্যমে সম্পর্কোন্নয়ন হয়। অমুসলিম হলেও সকল প্রতিবেশির সাথে সদাচরণ করা উচিত।

“আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না এই কাজ হতে যে, তোমরা সেই লোকদের সাথে কল্যাণময় ও সুবিচারপূর্ণ ব্যবহার করবে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদিগকে তোমাদের ঘর-বাড়ি হতে বহিস্কৃত করেনি। সুবিচারকারীদিগকে তো আল্লাহ পছন্দ করেন।” সুরা মুমতাহিনা ৮।

আল্লাহতাআলা আমাদেরকে সঠিক পথ দেখান। আমিন।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026