আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিজের ব্যক্তিগত শতাধিক বিলাসবহুল গাড়িবহর রাখার জন্য লন্ডনে ছয় তলা কারপার্ক নির্মাণ করতে যাচ্ছেন দুবাইয়ের আমীর শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ছয় তলা ওই ভবনে ধনকুবের আমীরের ১১৪টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি, কর্মচারী ও শোফারদের জন্য পাঁচ তারকা হোটেল সমমানের সুবিধা থাকবে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।
খবরে বলা হয়েছে, এ কারপার্ক ভবনটি নির্মাণ করা হবে লন্ডনের বাত্তেরসিয়া হেলিপোর্টের পাশে, যাতে শেখ মোহাম্মদ প্রয়োজনে উড়াল দিতে পারেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের এ নতুন স্থাপনা তিনি ছাড়াও তার ২৩ সন্তানও ব্যবহার করবেন। তবে নির্মাণাধীন ভবনটির আশেপাশে বসবাসকারীরা এটি নিয়ে উদ্বিগ্ন। কেননা, প্রতিদিন প্রায় ১২০টি গাড়ি এখানে আসবে ও এখান থেকে ছেড়ে যাবে। ফলে গাড়ির শব্দে টেকা দায় হয়ে উঠবে। এছাড়া, রাস্তার পুরোটা দখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক প্রতিবেশী এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তবে তার স্থাপনা নির্মাণের পরিকল্পনা ওয়ান্ডসওয়ার্থ বরো কাউন্সিলের কাউন্সিলররা অনুমোদন করেছেন। এ স্থাপনা নির্মাণে কত অর্থ খরচ করা হবে, তা জানানো হয়নি। অবকাঠামো নির্মাণ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তত ৪০ লাখ পাউন্ড খরচ হতে পারে। আনুষঙ্গিক বিভিন্ন খরচ মিলিয়ে মোট অর্থব্যয় দাঁড়াতে পারে ২ কোটি পাউন্ড!
তবে শেখ যদি পুরো ভবন আবার মার্বেল দিয়ে মোড়াতে চান, তাহলে খরচ আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে! উল্লেখ্য, শেখ মোহাম্মদ বিন রশিদ একাধারে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক।