শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬

ফাঁসি কার্যকর আজ রাতে: শেষ দেখা করতে কারাগারে পরিবার

ফাঁসি কার্যকর আজ রাতে: শেষ দেখা করতে কারাগারে পরিবার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ কার্যকর করা হবে বলে গতকাল রাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য কারাগারে ডাকা হয়েছে তার পরিবারকে। শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তার পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ। আর এটিই হবে শেষ দেখা।

কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, মোবাইলের মাধ্যমে কামারুজ্জামানের পরিবারকে জানানো হয়েছে- বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কারাগারে যাওয়ার জন্য। কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামীও বলেন, আজ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার জন্য আমাদের ডাকা হয়েছে। দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কারাকর্তৃপক্ষ আমার মায়ের মোবাইলে ফোন করে বিষয়টি জানায়।

তবে আমাদেরকে বিষয়টি কোনো চিঠি কিংবা ফ্যাক্সের মাধ্যমে জানানো হয়নি। পরিবারের কতজন সদস্য কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন, এ ব্যপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি এখানো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাবো। পরিবারের সকল সদস্যই কারাগারে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

গতকাল দিনভর গুঞ্জন ছিল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হচ্ছে। সন্ধ্যার পর থেকে প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু রাত বাড়তে থাকলে আচমকা সকল প্রস্ততি থেমে যায়। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছিলেন, কামারুজ্জামানকে আর সময় দেয়া হচ্ছে না। এর পরপরই ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা কারাগারে প্রবেশ করেন।

সেখানে যান পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকরাও। ফাঁসির মঞ্চের উপরে দেয়ার জন্য নেয়া হয় সামিয়ানা সামগ্রি, কর্মকর্তাদের বসার জন্য নেয়া হয় চেয়ার। গণমাধ্যমে প্রচার হয় রাতেই দেয়া হচ্ছে কামারুজ্জামানের ফাঁসি। কারাগার এলাকায় সন্ধ্যার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। কারাফটকে ভিড় জমায় উৎসুক মানুষ।

কিন্তু রাত সাড়ে নয়টার পর আচমকা দৃশ্যপটে পরিবর্তন। কারাগার থেকে একে একে বের হয়ে যান কারা ও পুলিশ কর্মকর্তারা। কারাগার এলাকার নিরাপত্তা শিথিল করা হয়। রাতে ফাঁসি হচ্ছে না এ বার্তা আসে ভেতর থেকে। উৎসুক গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করেন কারা কর্তৃপক্ষের সঙ্গে। ফাঁসি কার্যকর হচ্ছে এমন কোন তথ্য পাওয়া যায়নি কারও কাছে। রাত ১০টার পর নিশ্চিত হয়ে যায় ফাঁসি কার্যকর হচ্ছে না রাতে। প্রস্তুতি সম্পন্ন করার পরও শুক্রবার রাত সাড়ে ৯টায় সিদ্ধান্ত হয়, রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে না।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী রাত ৯টা ৪৯ মিনিটে গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত রয়েছে। তবে ফাঁসি কার্যকরের জন্য সিদ্ধান্ত আমাদের না। সিদ্ধান্ত পেলেই ফাঁসি কার্যকর করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026