বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৫

নজিরবিহীন ভোট

নিউজ ডেস্ক: কিছু দৃশ্য চেনা। কিছু একেবারেই অভিনব। একদিকে উৎসব। অন্যদিকে আতঙ্ক। কি হবে আজ? মঙ্গল না অমঙ্গল! দিনটি নিশ্চিতভাবেই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন।

দুই সিটির তিন করপোরেশনের ৬০ লাখ ভোটারের সামনে সুযোগ এসেছে নিজেদের রায় ঘোষণার। একদিনের রাজত্বের সম্ভাবনা তাদের সামনে? তবে নানা খবর উড়ে বেড়াচ্ছে বাতাসে। কোনটি সত্য, কোনটি গুজব জানতে অপেক্ষা করতে হবে।

যদিও ভোট কেমন হবে তার একটি চিত্র রাতেই পাওয়া গেছে। রাজনৈতিক সহিংসতার মধ্যে দমবন্ধ এক পরিস্থিতিতে অনেকটা আচমকাই এসেছিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা। শুরুতে ধারণা করা হয়েছিল, বিরোধীরা হয়তো নির্বাচনে আসবে না।

কিন্তু অনেককে অবাক করেই নির্বাচনে অংশ নেন তারা। পর্যবেক্ষকদের মতে, এ নির্বাচন উভয়পক্ষের জন্যই পরিস্থিতি উত্তরণের সুযোগ হিসেবে আসে। পর্দার অন্তরালে কিছু একটা ঘটেছে বলেও মনে করেন কেউ কেউ। আস্তে আস্তে সহিংসতার রাজনীতি ঝুঁকতে থাকে ভোটের দিকে। স্থানীয় নির্বাচন পরিণত হয় জাতীয় রাজনীতির লড়াইয়ে। প্রচারণার শেষদিনে দুই নেত্রীর সংবাদ সম্মেলন কেবল প্রতীকী নয়। নানাদিক থেকেই আজকের নির্বাচন নজিরবিহীন।

১. সম্ভবত এবারই প্রথম কোন স্থানীয় নির্বাচন এতোটা জাতীয় রূপ পেলো। এর একটি কারণ অবশ্যই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহরে এ ভোট হচ্ছে। তবে এটিই প্রধান কারণ নয়। প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন পর বাংলাদেশের ভোটারদের একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশ অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। যদিও এ নির্বাচনে রাষ্ট্রক্ষমতার কোন রদবদল হবে না। তবুও দিনে দিনে গুরুত্বহীন হয়ে ওঠা ভোটাররা তাদের ইচ্ছা প্রকাশের সুযোগ পেতে পারেন।

২. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থানীয় নির্বাচনের প্রচারণায় নামা এবং হামলার শিকার হওয়া দুটিই নতুন ঘটনা। দলীয় প্রার্থী নির্ধারণ আর তাদের পক্ষে সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

৩. এই প্রথম বাংলাদেশের কোন স্থানীয় নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ নির্বাচন নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ এবং সংস্থা এরইমধ্যে বিবৃতি দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচন পর্যবেক্ষণও করছে। প্রসঙ্গত, ৫ই জানুয়ারির সংসদ নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোন পর্যবেক্ষণ ছিল না।

৪. এবারের নির্বাচনে প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও নতুন দৃশ্যের অবতারণা হয়েছে। একটি প্রধান রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট প্রার্থী মির্জা আব্বাস ভোটের আগে কোন ধরনের প্রচারণায় নামতে পারেননি। এমন নয় যে, তিনি কারাগারে আছেন। ঢাকার দুই সিটিতে বিএনপি সমর্থিত বেশিরভাগ কাউন্সিলর প্রার্থীও ভোটের ময়দানে ভোট চাইতে পারেননি। বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। বাসায় ঘুমাতে পেরেছেন বিরোধী সমর্থক কম প্রার্থীই।

৫. এবার নির্বাচনে সেনা মোতায়েন থাকবে সেনানিবাসের ভেতরে। বাংলাদেশের ইতিহাসে ভোটে এ ধরনের সেনা মোতায়েন এবারই প্রথম।

৬. ভোটের আগে ভোট নিয়ে নানা শঙ্কা বাংলাদেশে নতুন কিছু নয়। বাংলাদেশের জনগণ দুই ধরনের ভোটের সাক্ষী। কখনও ভোট হয়েছে উৎসবের মধ্যে কখনও ব্যালট বাক্স ভর্তি হয়েছে গায়েবি ভোটে। আজ কি হবে? কয়েকজন নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, তাদের ঝুঁকি না নিতে বলা হয়েছে। নির্বাচনী নিরাপত্তায় মুখ্য ভূমিকায় দেখা যাবে পুলিশকে। অন্যদের তেমন কোন ভূমিকায় দেখা নাও যেতে পারে। গতকালই আমাদের এক ক্যামেরাপারসনকে ব্যালট বাক্সের ছবি তুলতে গেলে বাধা দেয়া হয়েছে।

৭. ভোট হচ্ছে এইচএসসি পরীক্ষার মধ্যে। যদিও ভোট উপলক্ষে তিনদিন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। দুই সিটিতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ভূমিকম্পের ঘটনা। এ নিয়ে আতঙ্কে রয়েছেন নগরবাসী।

৮. দিনের শেষে বিলিয়ন ডলার প্রশ্ন কে জিতবেন। লড়াই কাদের মধ্যে হবে তা অনেকটাই স্পষ্ট। ঢাকা দক্ষিণে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মির্জা আব্বাস বনাম সাঈদ খোকন, উত্তরে আনিসুল হক বনাম তাবিথ আউয়াল, চট্টগ্রামে মনজুর আলম বনাম আ জ ম নাছির উদ্দিন। তবে ঢাকা উত্তরে প্রচারণায় দাগ কেটেছেন জোনায়েদ সাকি এবং মাহী বি. চৌধুরীও।

৮. বাংলাদেশের গণতন্ত্র কি অবস্থায় আছে তা সবারই জানা। এর ভবিষ্যৎ কেমন তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আজ। গণমাধ্যমের ভূমিকার পরীক্ষাও হবে নতুন করে। এই নির্বাচন উৎসবে পরিণত হবে এই প্রত্যাশা আমজনতার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026