শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে, তাদের সম্পদের তথ্য অনুসন্ধান করে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক শামসুল আরেফিন (প্রতিরোধ ও গবেষণা) বলেন, সন্দেহভাজন মানবপাচারকারীদের অবৈধ সম্পদের তথ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে কমিশনের নজরে এসেছে। এসব বিষয়ে অনুসন্ধান বা আইনি ব্যবস্থা নিতে কমিশন প্রস্তুত। কিছু আইনি আনুষ্ঠানিকতা শেষে দুদক এ বিষয়ে ঘোষণা দেবে।
দুদকের সংবাদ সম্মেলনে এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন দুর্নীতি মামলার কার্যক্রম তুলে ধরা হয়। মহাপরিচালক জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ১২৬টি মামলা অনুমোদন করেছে দুদক। অভিযোগপত্র দেওয়া হয়েছে ১৬টি মামলায়। এ সময়ে ৮১টি মামলার নিষ্পত্তি হয়েছে। এছাড়া অভিযোগের প্রমাণ না পাওয়ায় ১৮৪টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে শামসুল আরেফিন জানান।
ভাগ্য বদলাতে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় পাচারকারীদের নৌকায় উঠে অসংখ্য বাংলাদেশির করুণ পরিণতির খবর গত এক মাস ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। গত মাসের শেষ দিকে থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের পরিত্যক্ত একটি ক্যাম্পে অভিবাসীদের গণকবর পাওয়া যায়, যেখানে বাংলাদেশিদেরও দেহাবশেষ রয়েছে বলে সংবাদ মাধ্যমের তথ্য।
এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে মানবপাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। বাংলাদেশেও পাচারকারীদের ধরতে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।