শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের ইয়াংসি নদীতে ফেরিডুবির ঘটনায় আরও ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এদিকে ফেরি ডুবির ঘটনার প্রতিবাদে চারশতাধিক মানুষ দুর্ঘটনাস্থলের পাশে বিক্ষোভ প্রদর্শন করেছে।
নিখোঁজদের আরো তথ্য সন্ধানের দাবিতে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে জিয়ানলি নদীর দিকে এগিয়ে যায়। উদ্ধারকারীরা জাহাজটির বডি কেটে তাতে প্রবেশের চেষ্টা চালচ্ছে এখন। যাতে করে এর ভিতরেও অনুসন্ধান চালানো যায়। ‘দ্য ওরিয়েন্টাল স্টার’ নামে পর্যটকবাহী ফেরিটি সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ৪৫৬ জন আরোহী নিয়ে ডুবে যায়।
ফেরিটি চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ফেরির বেশিরভাগ আরোহী ঘুমন্ত অবস্থায় থাকায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তিনশ’ ৭০ জনের বেশি আরোহী।