স্বদেশ জুড়ে: ঢাকার ডেমরার সারুলিয়া পূর্ব হাজীনগরে ‘ইভা মঞ্জিল’ নামে একটি ভবন রোববার পাশের ছয়তলা একটি ভবনের ওপর হেলে পড়তে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাতেই ঘটনাস্থলে যান এবং দুই ভবনের ১৩টি পরিবারকে সরিয়ে নেন। দুই ভবনের বিদ্যুত ও গ্যাস সংযোগ বিছিন্ন করে দিয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্দেশে ডেমরায় হেলে পড়া তিনতলা ভবনটি ভেঙে ফেলা শুরু হয়েছে।
২০০০ সালে তিন তলা ওই বাড়ি নির্মাণের ক্ষেত্রে এর মালিক মোহাম্মদ আলী কোনো ধরনের অনুমতি নেননি বলে জানা যায়। ইভা মঞ্জিলের মালিককে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে নিজ দায়িত্বে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। পাশের ছয় তলা ভবনের মালিক সাংবাদিকদের জানান, তিনতলা ভবনটি নির্মাণের ক্ষেত্রে পাইলিংও করা হয়নি। সন্ধ্যায় সারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও সদস্য গোলাম সারওয়ার লিটনের উপস্থিতিতে শ্রমিকদের মাধ্যমে ভবন ভাঙার কাজ শুরু করেন মোহাম্মদ আলী।
প্রসঙ্গত: মাত্র তিন দিন আগে গত ৩১ মে রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন হেলে পড়ে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। গত এপ্রিলে সাভারে একটি আট তলা ভবন ধসে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।
Leave a Reply