শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আর্থিক সংকট কাটাতে সহায়তার আশায় বৃহস্পতিবার গ্রিস সরকার অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব পাঠিয়েছে ইউরো জোন দাতাদের কাছে। বৃহস্পতিবার ছিল এ প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। অর্থমন্ত্রীদের ইউরো গ্রুপের চেয়ারম্যান জেরোয়েন ডিজেলব্লোয়েম এক মুখপাত্রের মাধ্যমে এ পরিকল্পনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের বিশেষজ্ঞদের মতামত পাওয়ার আগে এ সংস্কারর পরিকল্পনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিক সিপ্রাস এ সংস্কারের ব্যাপারে তার সরকারের অংশীদারদের সম্মতি আদায় করতে কাটিয়েছেন সারাদিন। সংস্কারে কর বৃদ্ধি এবং পেনশন পরিবর্তনের বিষয়টি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ইউরোজোনের অর্থমন্ত্রীরা সিপ্রাসের প্রস্তাব আলোচনা করবেন। এছাড়া রোববার ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দের এক সভায়ও বিষয়টি তোলা হবে। গ্রিক সরকার তাদের পার্লামেন্টেও এ সংস্কার প্যাকেজের অনুমোদন চাইবে।
দাতাদের দেওয়া কঠোর ব্যয় সংকোচনের ওই প্রস্তাব রোববার গণভোটে প্রত্যাখ্যান করে গ্রিসের জনগণ। গ্রিসের গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় জমা দেওয়া সংস্কার প্রস্তাবে কর বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ব্যয় সংকোচন ১২ বিলিয়ন ইউরোরও বেশি।