নিউজ ডেস্ক: ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সামছুল আলম ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোখলেছুর রহমান চৌধুরীকে (মাহতাব) তলব করেছে হাইকোর্ট।
আগামী ২৭ জুলাই তাদের আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
মোখলেসুর রহমান চৌধুরীর (মাহতাব) বিরুদ্ধে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী বাদী হয়ে গত ৯ মে কোতয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় মাহতাব চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশের বিচারকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়। এ মামলায় মাহতাব চৌধুরী
গত ২৪ মে সাইবার ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। কিন্তু শুনানির সময় মাহতাব চৌধুরী ও তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এ অবস্থায় ট্রাইব্যুনাল জামিন আবেদন অকার্যকর ঘোষণা করে আদেশ দেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী সুবীর নন্দী দাস।
শুনানি শেষে হাইকোর্ট তলবের আদেশ দেয়। পাশাপাশি ওইদিন আদালতে হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারী নিজেই শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডিএজি তাপস কুমার বিশ্বাস। সুবীর নন্দী জানান, আদালত জামিন আবেদন মঞ্জুর করবে কিংবা না-মঞ্জুর করবে। কিন্তু এর কোনোটিই না করে অকার্যকর হিসেবে ঘোষণা আদেশ দিয়েছেন। তাই এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।