নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনযাত্রা বাতিল করায় স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন দলটিতে। ‘মিস্টার জেন্টলম্যান’ সৈয়দ আশরাফকে ঘিরে এবার নতুন চমক অপেক্ষা করছে বলে জানান দলটির নীতিনির্ধারকদের অনেকে। জানা গেছে, সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে বসানো হতে পারে তাকে। সে পদ হতে পারে উপপ্রধানমন্ত্রী অথবা সংসদ উপনেতা
অথবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ পদ। এদিকে ঈদের পর আরেক দফা মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তাভাবনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে মন্ত্রিসভা থেকে বিতর্কিত কয়েকজনকে সরিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কিছু পদেও রদবদল হবে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সম্মেলনে।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ করার সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ মুহূর্তে লন্ডন যাওয়া বাতিল করেছেন ‘দপ্তরবিহীন’ মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বুধবার সকাল ১০টার ফ্লাইটে ১৫ দিনের সফরে তার লন্ডন যাওয়ার কথা ছিল।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা বৈঠকের পর তিনি দেশেই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। দলটির কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতা আমাদের সময়কে গতকাল বলেন, এতদিন দলে একটা গুমট ভাব ছিল। সৈয়দ আশরাফ লন্ডন সফর বাতিল করায় সেটা কেটে গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দপ্তরবিহীন মন্ত্রী করার পর দলে ও সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এরপর একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা সৈয়দ আশরাফের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় গণভবনে একান্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফকে এখনই লন্ডন যেতে মানা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর অধীনে থাকা যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বলেন।
কিন্তু সৈয়দ আশরাফ মন্ত্রিত্ব নিতে আগ্রহ দেখাননি। এরপর আরও বেশ কয়েকবার সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তারপরই লন্ডনযাত্রা বাতিল করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ওনাকে আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে বাংলাদেশ সরকারের উপপ্রধানমন্ত্রী অথবা জাতীয় সংসদে উপনেতা করা হতে পারে।
বর্তমান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ। ফলে সংসদেও অনিয়মিত তিনি। তবে সাজেদা চৌধুরীর স্থলে সৈয়দ আশরাফ যেতে রাজি হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে আওয়ামী লীগে। সে কারণেই তাকে উপপ্রধানমন্ত্রী করার বিষয়ে দলের হাইকমান্ডে জোর আলোচনা শুরু হয়েছে। আর প্রধানমন্ত্রী তার এখতিয়ারবলে সৈয়দ আশরাফকে উপপ্রধানমন্ত্রী বানাতে চাইলে আইনগত কোনো বাধা নেই।
এদিকে ঈদের পর মন্ত্রিসভায় আরেকদফা রদবদলের বিষয়েও চিন্তাভাবনা চলছে আওয়ামী লীগে। সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী চাননি ঈদের আগে কাউকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মনে কষ্ট দিতে। তবে যেসব মন্ত্রীর কারণে সরকার বিব্রত, যাদের কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে, তেমন কয়েকজনকে ঈদের পর মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আরও নতুন কিছু মুখ যোগ হতে পারে মন্ত্রিসভায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কিছু সাংগঠনিক নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
এছাড়া আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দল থেকে বাদ পড়বেন কিছু বিতর্কিত নেতা। আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় আমাদের সময়কে বলেন, জেলা সম্মেলনগুলো চলমান প্রক্রিয়া। এগুলো চলছে, চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে।
দলটির সভাপতিম-লীর সদস্য নূহ উল আলম লেনিন গতকাল আমাদের সময়কে বলেন, সৈয়দ আশরাফ আপাদমস্তক পলিটিক্যাল মানুষ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি সব সময় অনুগত। দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়, এমন কিছু তিনি কখনো করেন না। তিনি আরও বলেন, সামনে অনেক কিছুই হবে। ওয়েট অ্যান্ড সি।