শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বর্তমানে বিপুল সংখ্যাক লোক বাড়ি বাড়া পেতে অনেক দিন ধরে লম্বা লাইনে অপেক্ষা করছেন। যার জন্য কাজ করে যাচ্ছেন বর্তমান মেয়র জন বিগস। এছাড়া অন্যান্য কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।
মেয়র নির্বাচিত হওয়ার পর সোমবার স্থানীয় সময় বেলা তিনটায় টাওয়ার হ্যামলেটস টাউন হলে প্রথম বারের মত আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমমের কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি খোলা মেলা কথা বলেন। এ সময় তাঁর পাশে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম।
ব্রিটেনের ডানপন্থি মিডিয়াগুলোর বর্তমান পলিসি’র কঠোর সমালোচনা করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। তিনি মনে করেন, মিডিয়াগুলো আইএস-আইসিলসহ ইসলামিক ধর্মীয় উগ্রবাদী গ্রুপগুলোর প্রতি ব্রিটেনের কিছু তরুণ-তরুণীর সাম্প্রতিক আকর্ষণের সমালোচনার নামে পুরো মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে।
ডানপন্থি মিডিয়াগুলোর সমালোচনা করে মেয়র বলেন, মুসলিম কমিউনিটির কিছু বিপথগামী তরুণ-তরুণীর অপকর্মের দায় পুরো মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা এই সংকটকে আরও ঘনিভূতই করবে। তিনি বলেন, উগ্রবাদ শুধু ব্রিটেনেই নয়, এটি বিশ্বব্যাপী একটি কঠিন সমস্যা, এজন্য কোন সুনির্দিষ্ট সম্প্রদায়কে দায়ী করা ঠিক নয়। উগ্রবাদী মতাদর্শ থেকে টাওয়ার হ্যামলেটসের তরুণ/তরুণীদের রক্ষায় কমিউনিটি, ধর্মীয় নেতা, পুলিশ ও মসজিদগুলোর যৌথ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন মেয়র।
মেয়র জানান, পুরনো কাজের অগ্রগতি তারা এগিয়ে নিয়ে যাবেন। বিভিন্ন পরিবর্তন আসছে তবে ব্রমলি কবর স্থান নিয়ে কোন পরিবর্তন হবে না। এক্ষেত্রে বর্তমান কেবিনেট জোর দিচ্ছেন হাউজিং সমস্যার ওপর বলে জানান জন বিগস।
এখানে বিশেষভাবে উল্লেখ্য,ভোট জালিয়াতির দায়ে আদালতের নির্দেশে পূর্ববর্তী মেয়র লুৎফুর রহমান পদচ্যুত হলে গত মাসে নতুন নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে জন বিগস মেয়র নির্বাচিত হন।