বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪

তারেকের সিদ্বান্ত অগ্রাহ্য করে যুক্তরাজ্য বিএনপির কমিটি, পদত্যাগ

তারেকের সিদ্বান্ত অগ্রাহ্য করে যুক্তরাজ্য বিএনপির কমিটি, পদত্যাগ

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সিদ্বান্ত না মেনেই ঘোষনা করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির পূর্নাঙ্গ কমিটি। নতুন কমিটিতে তারেক রহমানের ঘোষনা দেয়া দলে ‘এক নেতার এক পদ‘ নীতিকে যেমন বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, তেমনি সভাপতি ও সম্পাদকের ‘নিজের লোক‘ হতে না পারার অপরাধে পদাবনতির অবমূল্যায়নে রীতিমত অপমানিত করা হয়েছে জেষ্ঠ্য নেতাদের-এমন অভিযোগ খোদ কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদেরই।

১০১ সদস্যের কমিটিতে কেবল সাধারণ সম্পাদকের নিজের জেলা সুনামগঞ্জ থেকে পদ পেয়েছেন অন্তত ৩৭ জনেরও বেশি। ৩১ জন উপদেষ্টার মধ্যে ১২ জনই সুনামগঞ্জের। কমিটিতে নিজের উপজেলার ২২ জনকে স্থান দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেও সাধারণ সম্পাদক কয়সর এম. আহমদ কাঙ্খিত পদবঞ্চিত ও কমিটিতে ঠাঁই না পাওয়া নেতাদের বলেছেন, কমিটি গঠনে তার হাত ছিল না।

সভাপতি এম এ মালেক সৌদি থেকে নেতাকর্মীদের ফোনের জবাবে বলেছেন, এভাবে কমিটি হবার কথা ছিল না। আর সভাপতি-সম্পাদকের এমন কৌশলী উত্তরে কমিটির নাটাই ছিল আসলে কার হাতে; এমন প্রশ্নের উত্তর খুজঁছেন নেতাকর্মীরা।

অন্যদিকে কমিটি ঘোষনার পরপরই কমিটি থেকে পদত্যাগ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও যুক্তরাজ্য বিএনপির দুইবারের আইন বিষয়ক সম্পাদক সলিসিটর বিপ্লব পোদ্দার। বিপ্লব পোদ্দার ২০১৪ সালের ১৩ই নভেম্বর তারেক রহমানের পরিচালনায় আইনজীবীদের সরাসরি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নির্বাচিত হয়েছিলেন। তিনি ঐ পদ থেকেও পদত্যাগ করেছেন।

কমিটি নিয়ে ক্ষোভ-হতাশা: যুক্তরাজ্য বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ আর হতাশা। কিন্তু দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তারেক রহমানের তত্ত্বাবধানে এই কমিটি গঠিত হওয়ায় তাঁর বিরাগভাজন হবার ভয়ে কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না ক্ষুব্ধ নেতাকর্মীরা। নিজেদের মধ্যে বিনিময় করছেন ক্ষোভ আর হতাশা।

জানা গেছে, গত ১২ মে জোনাল কমিটির নেতাদের সমন্বয়ে তারেক রহমানের উপস্থিতিতে যুক্তরাজ্য বিএনপির তৃণমুল প্রতিনিধি সভা অনুষ্টিত হয়। ঐ সভায় প্রতিটি জোনের সভাপতি-সম্পাদকের সাথে প্রথমে সভাস্থলে ও পরে আলাদা আলাদা ভাবে একান্তে কথা বলেন তারেক রহমান। জানতে চান- আসন্ন কমিটি নিয়ে তাদের মতামত।

গত ১৯ মে এম এ মালেককে সভাপতি এবং কয়সর এম আহমদকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। সভাপতি-সম্পাদক ও প্রধান উপদেষ্টার নাম তখন ঘোষনা করা হয়। পরবর্তী ১৫ দিনের মধ্যেই কথা ছিল ১০১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার। কিন্তু সভাপতি-সম্পাদকের নাম ঘোষনার দুই মাসেও সভাপতি-সম্পাদক পুর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হন।

এরপর গত ১৯ জুলাই বাংলাদেশ সময় মধ্যরাতে যুক্তরাজ্য বিএনপির ১০১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ও ৩১ সদস্যের উপদেষ্টামন্ডলীর নাম ঘোষনা করা হয়। ১২ মে জোনাল প্রতিনিধি সভায় তারেক রহমান রচডেল বিএনপির যুগ্ম আহবায়ক মইন উদ্দীনের প্রশ্নের জবাবে বলেন, একজন নেতা জোনাল কমিটি বা অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বে থাকলে যুক্তরাজ্য বিএনপির কমিটিতে পদ পাবেন না। তারেক রহমান এর আগেও বহুবার এক নেতার এক পদের নীতি অনুসরনের কথা বললেও তার উল্টোটিই বাস্তবায়িত হয়েছে যুক্তরাজ্য বিএনপির সদ্যঘোষিত কমিটিতে।

যুক্তরাজ্য যুবদল, সেচ্ছাসেবক দল, তরুন দল, জাসাসের গুরুত্বপুর্ন পদে থাকা নেতারা যুক্তরাজ্য বিএনপির কমিটিতে পদ বাগিয়ে নিলেও বাদ পড়েছেন দলের ত্যাগী ও নিবেদিতপ্রান হিসেবে কর্মীর কাছে স্বীকৃত নেতারাই। যুক্তরাজ্য বিএনপির প্রয়াত সভাপতি কমর উদ্দীনের কমিটির প্রথম যুগ্ম সাধারন সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী,সদ্য বিগত কমিটির প্রথম যুগ্ম সাধারন সম্পাদক নাসিম আহমদ চৌধুরীর মতো কর্মীবান্ধব ও মাঠের নেতাদের রাখা হয়েছে সদস্য পদে।

তারেক রহমানের উপদেষ্টা ও সদ্য বিগত কমিটির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার আবু সায়েমকে বর্তমান কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক করে তাকে সন্মানিত না অপমানিত করা হয়েছে,এমন প্রশ্ন তুলেছেন দলের নেতারাই। গত কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দীনকে সহ-সভাপতি করা হলেও ঐ কমিটির আইন বিষয়ক সম্পাদককে আবারো রাখা হয় একই পদে।

দ্বিতীয় যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়া মওদুদ আহমদ কেন বহু জৈষ্ঠ্য নেতাদের ডিঙ্গিয়ে একলাফে গুরুত্বপুর্ন পদ পেলেন সেটি নিয়েও রহস্যের কিনারা করতে পারছেন না নেতাকর্মীরা। এমনকি ব্রিটেন ছেড়ে পালিয়ে যাবার সময় ধরা পড়া ব্যাক্তিকেও রাখা হয়েছে কমিটিতে। নছরুল্লাহ খান জুনায়েদের মতো ৯০ এর ছাত্রনেতাদের অবমুল্যায়নে, অতিমুল্যায়নের সুযোগ পেয়েছেন হাইব্রিড আর শটকার্ট সুযোগ সন্ধানীরা-এমন আক্ষেপ নেতাকর্মীদের।

এমন অসংখ্য অসংগতির জবাব খুজঁছেন নেতাকর্মীরা। সদ্য অন্য দল থেকে এসে বা পেছনের দরোজার সুবাদে পদ বাগানো প্রশ্নবোধক ব্যাক্তিদের অতিমুল্যায়ন আর যোগ্যদের অবমুল্যায়নের হিসেব মেলাতে পারছে না তৃনমুলের নেতাকর্মীরা।

ফেইসবুকে ষ্টেটাসে ষ্টেটাসে এসব অসংগতি আর সব প্রশ্নের জবাবে দায়িত্বশীল নেতাদের উদ্বৃতি দিয়ে বলা হচ্ছে, ‘কমিটি করেছেন তারেক রহমান নিজে‘ এমন আলোচনা-সমালোচনা স্থানীয় বিএনপি নেতাদের ফেইসবুকের টাইমলাইন জুড়ে।

যুক্তরাজ্য বিএনপির সদ্য বিগত কমিটির একজন সহ-সভাপতি নাম না প্রকাশের শর্তে বলেন,গতবারের কমিটির পর বলা হয়েছিল,তারেক রহমান সবাইকে চেনেন না ,এ কারনে দু-একজন বিতর্কিত কৌশলে কমিটিতে স্থান পেয়েছে। এবার তো নেতা নেতা প্রায় সবাইকে চেনেন,ব্যাক্তিগতভাবে অনেককে জানেন। কিন্তু তিনি এদেশে থাকার পরও এখানকার কমিটিই কেন এমন হলো, সেটি আমাদেরও অজানা।

ম্যানচেষ্টার বিএনপির বর্তমান সভাপতি কামাল হোসেন এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন- আমাদের দলের নেতা তারেক রহমান দলের প্রতিনিধি সন্মেলনে বলেছিলেন দলে এক নেতার এক পদ থাকা কাম্য। আমি আশা করবো এখানে এবং বাংলাদেশেও সেটি শক্তভাবে বাস্তবায়িত হওয়া উচিত।

সব দোষ তারেক রহমানের: পুর্নাঙ্গ কমিটিতে নিজেদের লোকের পদভাগাভাগির নিয়ে সভাপতি-সম্পাদকের একমত হতে না পারার কারনেই কমিটি আসে দুমাস দেরিতে, একথা দলের গুরুত্বপুর্ন নেতারা স্বীকারও করেছেন। শুরুতে ডোনেশনের নামে টাকা নিয়ে কমিটির গুরুত্বপুর্ন পদ দেবার প্রস্তাব উঠলে তারেক রহমান ডেকে নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারন সম্পাদক কয়সর এম আহমদকে। তারেক রহমান এমন প্রস্তাবে ক্ষুব্ধ হন।

পদের বিনিময়ে অর্থ আদায়ের কোন ঘটনা শোনা গেলে সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবার ইঙ্গিত দেন তারেক রহমান। ঐ বৈঠকের পর দফায় দফায় তৈরী হয় খসড়া কমিটি। চলে নাম কাটা-কাটি আর অর্ন্তভুক্তি। এরপর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক রমজানের শেষার্ধে ওমরাহ পালনে সৌদি আরবে যান। তিনি যুক্তরাজ্যের বাইরে থাকার সময় কমিটি এলে বিতর্কের দায় কিছুটা হলেও এড়াতে পারবেন তিনি, এমন গুঞ্জন তখন জনপ্রিয়তা পায়। এম এ মালেকের আগামী ২৩ জুলাই লন্ডনে ফেরার কথা রয়েছে।

এদিকে কমিটি ঘোষনার পর থেকে গত দুদিনে অসংখ্য নেতাকর্মী কমিটির বিভিন্ন অসংগতির বিষয়ে ফোনে ও সরাসরি কথা বলেন সভাপতি ও সম্পাদকের সাথে। জবাবে, কয়েকটি পদের ব্যাপারে তারা বলেছেন,এগুলো তাদের এখতিয়ারের বাইরে ছিল। কৌশলে কার্যত তারা অন্য দল থেকে আসা বা বহুল বিতর্কিতদের পদায়নের দায় এড়াতে চাইছেন। আর বিতর্কিত আর গত দুবছরে একবারের জন্য বিএনপির কর্মসুচীতে অংশ না নিয়েও বড় পদ নেবার দায়ভারের দায় সুকৌশলে দিচ্ছেন তারেক রহমানের কাধেঁই।

অবশ্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সৌদি আরব থেকেই ফোনে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। ম্যানেজ করার চেষ্টা করছেন সাধারন সম্পাদকও। এদিকে সর্বশেষ জানা গেছে,গত দুদিনে কমিটি নিয়ে অসন্তোষ চরমে উঠায় একই ব্যাক্তি দুটি পদে আছেন এমন কয়েকজনের পদত্যাগপত্র জমা নেয়া হচ্ছে। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে তাদের পদত্যাগ করানোও হতে পারে।

বিপ্লব পোদ্দারের পদত্যাগ: কমিটি ঘোষনার রাতেই ঘোষিত কমিটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ইউরোপজুড়ে টিভি টকশোর আলোচিত বক্তা, বিশিষ্ট আইনজীবি সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার। ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটির সব মহলের কাছে গ্রহনযোগ্য এ নেতা রাতেই নিজের সাক্ষরিত পদত্যাগপত্র পৌছে দেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদকের কাছে। একই সাথে আইনজীবি ফোরামের যুক্তরাজ্য শাখার নির্বাচিত সদস্য সচিবের পদ থেকেও পদত্যাগ করেন তিনি। পদত্যাগপত্রে ব্যাক্তিগত কারনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, নিজের ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সাথে ছিলেন, আছেন আর থাকবেনও। তার পদে পদবঞ্চিত যোগ্য কোন নেতাকে পদায়নের অনুরোধও জানিয়েছেন পদত্যাগপত্রে।

এদিকে গত দুদিনে বিপ্লব পোদ্দারের পদত্যাগ নিয়ে অন্তরাল তোলপাড় চলছে যুক্তরাজ্য বিএনপিতে। যেখানে যুক্তরাজ্য বিএনপির নেতারা শীর্ষ নেতার বিরাগভাজন হবার ভয়ে প্রকাশ্যে মন্তব্য পর্যন্ত করছেন না,সেখানে তাঁর এ পদত্যাগের ঘটনাকে নানাভাবে বিশ্লেষন করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার এ প্রতিবেদকের সাথে আলাপকালে বিপ্লব পোদ্দার বলেন,পদে না থাকলেও বিএনপির একজন কর্মী হিসেবে অতীতের মতো আগামীদিনেও কাজ করে যাবো।

এদিকে এসব বিষয়ে বক্তব্য জানতে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আর সভাপতি এম এ মালেক যুক্তরাজ্যের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026