রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪

পদত্যাগ দাবিতে পার্লামেন্ট অচল: পাল্টা আঘাত সুষমার

পদত্যাগ দাবিতে পার্লামেন্ট অচল: পাল্টা আঘাত সুষমার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ললিত মোদি কেলেংকারিতে বিরোধী দল কংগ্রেস ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগ দাবিতে সোচ্চার। গতকাল তাদের এমন দাবিতে পার্লামেন্ট অধিবেশন অচল হয়ে পড়ে। তবে আজই এর পাল্টা জবাব দিয়েছেন সুষমা।

তিনি উল্টো বিরোধীদলের দিকে নিশানা তাক করেছেন। বলেছেন, কয়লাখনি দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক মন্ত্রী সন্তোষ বাগরোদিয়াকে কূটনৈতিক পাসপোর্ট দিতে তার ওপর চাপ প্রয়োগ করেছিলেন কংগ্রেসের এক সিনিয়র নেতা। তবে তাতে হালে কতটা পানি পাবে তা বোঝা মুশকিল। কারণ, কংগ্রেস সুনির্দিষ্টভাবে ললিতমোদি ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। সে বিষয়ে কোন বক্তব্য না দিয়ে সুষমা উল্টো কংগ্রেসের এক নেতার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন, এ দল এখন ভারতে ক্ষমতায় নেই। ললিত মোদি বিতর্কে সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে’র জড়িত থাকার অভিযোগ আছে।

এ নিয়ে গতকাল পার্লামেন্টে একরকম ঝড় তোলে বিরোধী দল। বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এ ইস্যুতে বসুন্ধরা রাজে ও সুষমা স্বরাজের পদত্যাগ দাবি করে। একই সঙ্গে ভাইপাম দুর্নীতির অভিযোগে তারা সমালোচনার তীর ছোড়ে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে। এর জবাবে সরকার বলে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সাবেক কর্মকর্তা ললিত মোদির ভ্রমণ বিষয়ক তথ্য নিয়ে পার্লামেন্টে একটি বিবৃতি দিতে প্রস্তুত সুষমা স্বরাজ। তবে বিরোধী শিবির থেকে জনতা পরিবার যে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে তাতে বোঝা যায় তারা সুষমার পদত্যাগের জন্য কংগ্রেসের সঙ্গে একমত নয়।

গতকাল পার্লামেন্টে অচলাবস্থা সৃষ্টির পর সর্বদলীয় বিরোধী জোটের বৈঠক হয়। সেখানে পদত্যাগ না করলে পার্লামেন্টে ফেরা নয়, এমন অবস্থান নেয় কংগ্রেস। তবে তাদের এ অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে বেশ কিছু বিরোধী অংশীদার। তারা বলেছে, পার্লামেন্ট থেকে বেরিয়ে এলে সমস্যার সমাধান হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026