আবদুর রহিম: আকামা পরিবর্তনের কারণে দুই বছর আগে সৌদি আরব থেকে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ কিছুটা কমে গেলেও তা আবার বাড়তে শুরু করেছে। বরাবরের মতোই ২০১৫-১৬ অর্থবছরে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরাই সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল অর্থবছরে মোট এক হাজার ৫৩১ কোটি (১৫ দশমিক ৩১ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৩৩৪ কোটি ৫২ লাখ ডলার, যা গত অর্থবছরে আসা মোট রেমিটেন্সের ২২ শতাংশ।
২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে অবস্থানকারী বাংলাদেশিরা মোট ৩৬৮ কোটি ও ৩৮৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন। কিন্তু আকামা পরিবর্তনের (পেশা বা কর্মস্থল বদল) কারণে ২০১৩-১৪ অর্থবছরে তা ৩১১ কোটি ডলারে নেমে আসে।