বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯

আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প রূপরেখা: লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন

আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প রূপরেখা: লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় নির্বাচনের বিকল্প রূপরেখা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে উদ্বিগ্ন নাগরিক সমাজ। কমিটি মনে করছে, এই রূপরেখা সরকার ও বিরোধী দলের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গত শনিবারের বক্তব্যের পর অনেকে মনে করছেন উদ্বিগ্ন নাগরিক সমাজের এ উদ্যোগ রাজনীতিতে নতুন মেরুকরণ আনবে।

তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক হতে হবে এমন কথা নেই। নির্দলীয় নিরপেক্ষ যেকোনো সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে।’ আগামী ১১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের গোলটেবিল বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প রূপরেখাসহ নানা প্রস্তাব তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছেন নাগরিক সমাজের নেতা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান।তিনি বলেন, ‘নাগরিক প্রস্তাবনা তৈরীর কাজ চলছে। ১১ আগস্টই সব জানতে পারবেন।’

জাতীয় রূপরেখা তৈরীর সঙ্গে জড়িত উদ্বিগ্ন নাগরিক সমাজের আরেকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, নাগরিক সমাজ রাজনৈতিক দলগুলোর কাছে এবার কোনো চিঠি পাঠাবে না। বর্তমান সঙ্কট থেকে উত্তরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া জরুরি। নাগরিক সমাজের লক্ষ্য হচ্ছে জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতিবিদদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সহায়তা করা। তারা সংলাপে নিয়োজিত হবেন এবং সমঝোতায় উপনীত হবেন।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ও নাগরিক সমাজের নেতা ড. বদিউল আলম মজুমদার দ্য রিপোর্টকে বলেন, ‘প্রাতিষ্ঠানিক সংস্কার ও সংবিধানের নানান অসঙ্গতি তুলে ধরে আমরা প্রস্তাবনা তৈরীর কাজ করছি। দেশের যে অবস্থা তাতে কাউকে না কাউকে তো এ সব তুলে ধরতে হবে। আমরা জাতির বৃহত্তর স্বার্থেই এই বিষয়গুলো তুলে ধরছি।’

জানা গেছে, প্রায় তিন মাস নিজেদের মধ্যে একাধিক বৈঠক, আলোচনা ও পর্যালোচনা শেষে প্রায় চূড়ান্তের পথে নাগরিক সমাজের এই প্রস্তাবনা। উদ্বিগ্ন নাগরিক সমাজের আহ্বায়ক ড. এ টি এম শামছুল হুদা দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর সবকিছু ঠিকঠাক থাকলে ১১ আগস্টই এই রূপরেখা প্রস্তাবনা আকারে রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে প্রকাশ করা হবে। ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জোটের সারা দেশে চলমান অবরোধের সময় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দলের মধ্যে সংলাপের উদ্যোগ নিয়েছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামছুল হুদা।

ওইদিনই ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ নামে ১৩ সদস্যের একটি নাগরিক কমিটিও গঠন করা হয়, যার আহ্বায়ক করা হয় ড. এ টি এম শামছুল হুদাকে। কমিটির অন্য সদস্যরা হলেন— সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, এ এস এম শাহজাহান, ড. আকবর আলী খান, সিএম শফি সামী, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, ড. জামিলুর রেজা চৌধুরী, ড. শাহদীন মালিক, সৈয়দ আবুল মকসুদ, আনোয়ার-উল আলম চৌধুরী, ড. আহসান মনসুর ও ড. বদিউল আলম মজুমদার।

গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকরা ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক এক মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন। সেমিনারের উদ্যোক্তা ছিলেন ড. কামাল হোসেন। ওই সভা থেকে রাষ্ট্রপতিকে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন বিশিষ্ট নাগরিকরা। দেশে চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতিকে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণের উদ্যোগ নিতে ৯ ফেব্রুয়ারি লিখিত অনুরোধও জানিয়েছিলেন ড. এ টি এম শামছুল হুদা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার অনুরোধ জানিয়ে চিঠির অনুলিপি দেয়া হয়েছিল।

বিএনপি এ উদ্যোগকে স্বাগত জানালেও আওয়ামী লীগ এ উদ্যোগের সমালোচনা শুরু থেকেই করেছে। পরে আওয়ামী লীগ সংলাপের দাবি সরাসরি প্রত্যাখ্যানও করে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে সবুজ সংকেত না পাওয়ায় সে উদ্যোগ আর এগোয়নি।এর প্রায় তিন মাস পর সরকার ও প্রশাসনের নানা অসঙ্গতি তুলে ধরে নতুন করে নাগরিক প্রস্তাবনা ঘোষণা করতে যাচ্ছেন উদ্বিগ্ন নাগরিক সমাজের সেই নেতারাই।

সূত্র মতে, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প গ্রহণযোগ্য পদ্ধতি, নির্বাচন কমিশন পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী, সঙ্কট নিরসনে প্রয়োজনে সংবিধান সংশোধন, সংসদ কার্যকর, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারপতি নিয়োগের নীতিমালা তৈরীসহ বেশকিছু দাবি নাগরিক সমাজের পক্ষ থেকে উপস্থাপন করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026