রফিকুল ইসলাম কামাল: গত কয়েক বছর ধরে সিলেটে অব্যাহতভাবে বেড়েই চলেছে জমির দাম। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সিলেটে জমি বেচাকেনা হচ্ছে। সরকারি হিসেব মতেই সিলেট সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মৌজায় গত ৮ বছরে জমির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
তবে সংশ্লিষ্টদের মতে, সরকার জমির যে মূল্য নির্ধারণ করে দেয়, তা জমির প্রকৃত মূল্যের চেয়ে কমই থাকে। আর সেজন্যই যে বা যারা জমি ক্রয়-বিক্রয় করে থাকেন, তারা নির্ধারিত দামের চেয়ে জমির প্রকৃত দামের প্রতি দৃষ্টি দেন বলেই দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহত্তর সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। এ অঞ্চলে জমি বেচা-কেনার ক্ষেত্রে এ বিষয়টি ভূমিকা রেখে থোকে। জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রবাসীদের মধ্যে অঘোষিত একটি প্রতিযোগিতা বিদ্যমান থাকায় জমির দামও বেড়েছে। তবে গত ২০০৭ সারে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জমির দাম হুট করে বাড়িয়ে দেয়া হয়েছে বলে আবাসন ব্যবসায়ীদের মত।
সিলেট সাব রেজিস্ট্রি অফিস সূত্র জানিয়েছে, চলতি বছরে সিলেট মহানগরীতে প্রণীত সর্বনিম্ন মূল্যতালিকা অনুসারে ১৩টি মৌজার জমি নয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। মৌজাগুলোর মধ্যে রয়েছে ব্রাক্ষ্মশাসন, আখালিয়া, বাগবাড়ী, মিউনিসিপ্যালটি, আম্বরখানা, সাদিপুর ১ম খন্ড, দেবপুর, রায়নগর, সাদিপুর ২য় খন্ড, টুলটিকর, মোমিনখলা, ভার্থখলা ও তারাপুর টি গার্ডেন মৌজা। মিউনিসিপ্যালটি মৌজার এসব বিভিন্ন শ্রেণীতে বিভক্ত জমির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ বছর বাণিজ্যিক শ্রেণীর জমি প্রতি শতাংশের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ ৯২ হাজার ৯২৯ টাকা। যেখানে গত বছর একই জমির মূল্য ছিল প্রতি শতাংশ ১৬ লাখ ৩১ হাজার টাকা। ২০০৭ সালে এই মূল্য ছিল ৮ লাখ ৮৪ হাজার টাকা। অর্থাৎ গতবছরের চেয়ে এবার শতাংশ প্রতি জমির দাম বেড়েছে প্রায় ৬২ হাজার টাকা। অন্যদিকে ২০০৭ সালের চেয়ে বর্তমানে জমির দাম শতংাশ প্রতি বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ।
সাব রেজিস্ট্রি অফিস সূত্র আরো জানিয়েছে, চলতি বছরে মিউনিসিপ্যালটি মৌজায় আবাসিক শ্রেণীর জমির মূল্য ধরা হয়েছে শতাংশ প্রতি ১০ লাখ ১৯ হাজার ৫১০ টাকা। গতবছর এ শ্রেণীর জমির শতাংশ প্রতি দাম ছিল ৯ লাখ ৯৭ হাজার ১২০ টাকা। এদিকে কৃষি শ্রেণীর জমি প্রতি শতাংশ ৫ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।
তবে গতবছর এ শ্রেণীর জমির দাম ছিল শতাংশ প্রতি ৫ লাখ ৪২ হাজার ৪৩০ টাকা। ২০০৭ সালে এই দুই শ্রেণীর জমির মূল্য ছিল যথাক্রমে ৫ লাখ ৯১ হাজার ৫১০ এবং ৩ লাখ ৭ হাজার ১৮ টাকা। অর্থাৎ, গত বছরের চেয়ে আবাসিক শ্রেণীর জমির দাম বৃদ্ধি পেয়েছে শতাংশ প্রতি প্রায় ২০ হাজার টাকা এবং কৃষি শ্রেণীর জমির দাম বেড়েছে শতাংশ প্রতি প্রায় ২৭ হাজার টাকা। অন্যদিকে ২০০৭ সালের চেয়ে এই দুই শ্রেণীর জমির দাম শতাংশ প্রতি বেড়েছে যথাক্রমে ৪ লাখ টাকা এবং আড়াই লাখ টাকা।
দাম বৃদ্ধির ক্ষেত্রে এর পরেই আম্বরখানা মৌজার জমি রয়েছে। বাণিজ্যিক শ্রেণীতে এ মৌজার প্রতি শতাংশ জমির দাম এবছর ১৩ লাখ ১৬ হাজার ৩০৪ টাকা নির্ধারিত। গতবছর ছিল ১২ লখ ৬২ হাজার ২০৬ টাকা। আবাসিক শ্রেণীতে প্রতি শতাংশ জমির দাম ৯ লাখ ৭০ হাজার ২৩৭ টাকা। গতবছর ছিল ৯ লাখ ৩৮ হাজার ৪৬৫ টাকা। এছাড়া কৃষিজমির ক্ষেত্রে শতাংশ প্রতি ৩ লাখ ১৩ হাজার ৯১৯ টাকা নির্ধারিত।
গত বছর এ শ্রেণীর জমির দাম ছিল ৩ লাখ ২ হাজার ৬৭৮ টাকা। অন্যদিকে ২০০৭ সালে এ তিন শ্রেণীর জমির নির্ধারিত মূল্য ছিল যথাক্রমে ৭ লাখ ২ হাজার ৩১ টাকা, ৫ লাখ ১১ হাজার ২৩২ ও ১ লাখ ৮৬ হাজার ৯৮২ টাকা। অর্থাৎ ৮ বছরের ব্যবধানে তিন শ্রেণীর জমিতেই দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
সিলেট সাব রেজিস্ট্রি অফিস সূত্রে আরো জানা যায়, শুধু মহানগরীতেই নয়, সিলেটের বিভিন্ন উপজেলা পর্যায়ে জমির দামও বাড়ছে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার, বিশ্বনাথ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জমির দাম উর্ধ্বমুখী। বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর মৌজায় বাণিজ্যিক জমির শতাংশ প্রতি সর্বনিম্ন দাম ৩১ লাখ টাকা! এ দাম নগরীর সবচেয়ে দামি জমির নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি।
সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্র“পের (সারেগ) সভাপতি হাছিন আহমদ জানান, বর্তমানে জমির ক্রেতা সীমিত। জমির দাম বৃদ্ধির জন্য বড় বড় রিয়েল এস্টট প্রতিষ্ঠানের দায় রয়েছে। সিলেটের সাবরেজিস্ট্রার আবু তালেব মিয়া বলেন, প্রবাসীদের কারণে সিলেটে কিছু এলাকায় জমির দাম বাড়ছে।