বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬

দুই ভাগ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটি

দুই ভাগ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটি

নজরুল ইসলাম : বিএনপির সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী এবং নেতৃত্বের বিকাশ ঘটাতে বিএনপির গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। দুভাগে ভাগ করা হচ্ছে দলের কেন্দ্রীয় কমিটিকে। বর্তমান জাতীয় নির্বাহী কমিটির নাম পরিবর্তন করে তার সদস্যসংখ্যা কমিয়ে এনে করা হচ্ছে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ।

অন্য কমিটির নাম দেয়া হচ্ছে জাতীয় পরিষদ। এছাড়াও বিএনপির উপদেষ্টা পরিষদ সৃষ্টি, যুগ্ম মহাসচিবের পদমর্যাদা বাড়ানো, বিশেষ সম্পাদকের পদমর্যাদা কমানোসহ গঠনতন্ত্রে আরও বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে বলে দলের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

দলের বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিবসহ দলের ঘনিষ্ঠ সাংবাদিক ও শিক্ষকদের পরামর্শেই এ খসড়া করা হয়েছে। খসড়ায় এ গঠনতন্ত্র আরও যাচাই-বাছাই করে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব উত্থাপন করার মধ্যদিয়ে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে টেলিফোনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রতিবেদককে বলেন, দলকে কিভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে কাজ চলছে। আর কোনো কথা বলতে রাজি হননি তিনি। গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়ে বিএনপির থিঙ্কট্যাঙ্ক হিসেবে পরিচিত অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদে এই প্রতিবেদককে বলেন, বিএনপির গঠনতন্ত্রে বিএনপি উপদেষ্টা পরিষদ পদ সৃষ্টিসহ কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের অক্টোবরে কাউন্সিল করতে চায় দলের হাইকমান্ড। এ লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়ায় উল্লেখ করা হয়েছে, বর্তমান জাতীয় নির্বাহী কমিটির আদলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা করা হবে। এ কমিটি হবে সর্বোচ্চ ১৫১ সদস্যবিশিষ্ট। কার্যকরী এ কমিটিতে বিএনপি চেয়ারপারসন, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং সহসস্পাদকসহ গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াও প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি এ কার্যকরী কমিটিতে রাখা হবে। জেলা কমিটিই তাদের প্রতিনিধি ঠিক করে কেন্দ্রে নাম পাঠাবে। তবে পদাধিকার বলে কোনো জেলা নেতা বা সংসদ সদস্য কার্যকরী কমিটিতে স্থান পাবেন না বলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে খসড়া গঠনতন্ত্রে।

যিনি কার্যকরী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হবেন, তিনি স্থায়ী কমিটির একজন সদস্যের পদমর্যাদা পাবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব পদাধিকার বলে স্থায়ী কমিটির যেকোনো সভায় উপস্থিত থাকতে পারবেন। একইসঙ্গে মহাসচিবের অবর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করতে পারবেন। পদাধিকার বলে কোনো নেতাই কার্যকরী কমিটিতে থাকতে পারবেন না।

এছাড়া যেসব নেতা স্থায়ীভাবে ঢাকায় থাকেন তারা কোনো জেলার নেতা হতে পারবেন না। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থাকবে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বাইরে।

সূত্র জানায়, খসড়া গঠনতন্ত্রে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে একজন এবং সহসম্পাদক পদে একজন নিয়োগ দিতে বলা হয়েছে। বর্তমানে এ পদে একাধিক নেতা রয়েছেন। আর সম্পাদকমণ্ডলীর শীর্ষে বিশেষ সম্পাদক নামের যে পদটি রয়েছে তা ক্রমানুসারে নিচের দিকে নামিয়ে এনে একাধিক নেতাকে দায়িত্ব দিতে বলা হয়েছে এ খসড়া গঠনতন্ত্রে।

গঠনতন্ত্রের খসড়ায় প্রস্তাব করা হয়েছে, কার্যকরী কমিটির বাইরে আরেকটি কমিটি গঠন করা হবে। এ নতুন কমিটির নাম হবে জাতীয় পরিষদ। এ পরিষদের সদস্যসংখ্যা ৫০০ রাখার প্রস্তাব করা হয়েছে খসড়া গঠনতন্ত্রে। এক জেলা থেকে একাধিক নেতা স্থান পাবেন এ কমিটিতে। তবে এ কমিটির সাংগঠনিক কাঠামো কি হবে তা দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সিনিয়র নেতাদের কাউকেই কমিটির বাইরে রাখতে চান না দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া তিনি বিএনপির সাবেক নেতাদের দলে ফিরাতে চান। কাউন্সিলের মাধ্যমে যেসব সিনিয়র নেতা বাদ পড়বেন এবং সাবেক নেতা যারা দলে ফিরবেন, তাদের সম্মান জানাতে বিএনপির উপদেষ্টা পরিষদ নামে খসড়া গঠনতন্ত্রে একটি পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। এ পরিষদের সদস্যসংখ্যা রাখা হয়েছে ১৫।

বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক বিএনপি নেতাদের দলে ফেরাতে চান খালেদা জিয়া। প্রতিষ্ঠার পর যারা দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং যারা জীবিত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিএনপির থিংকট্যাঙ্ক ড. এমাজউদ্দীন আহমদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে যেসব নেতা জীবিত নেই, তাদের পরিবারের সদস্যদের মধ্যে রাজনীতি করতে আগ্রহীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত এ দুই প্রবীণ ব্যাক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার ড. এমাজউদ্দীন ও মাহবুব হোসেন এ লক্ষ্যে একটি বৈঠকও করেছেন।

ড. এমাজউদ্দীন প্রতিবেদককে জানান, তিনি এবং খন্দকার মাহবুব হোসেন এ বিষয়টি দেখছেন। বিএনপি চেয়ারপারসন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদের সঙ্গে কথা বলতে বলেছেন। তারা যদি বিএনপিতে আসতে চান, তাহলে বি. চৌধুরীকে বিএনপির উপদেষ্টা এবং অলি আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করা হবে। এ বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথাও হয়েছে। বি. চৌধুরী এবং অলি আহমেদ দুজনেই বর্তমানে দেশের বাইরে আছেন। তারা দেশে ফিরলে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সোমবার এলডিপির একজন নেতার সঙ্গে ড. এমাজউদ্দীন ও মাহবুব হোসেনের বিএনপিতে একীভূত হওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম এই প্রতিবেদকে বলেন, আমরা বিএনপিতে ফেরার প্রস্তাব পেয়েছি। তবে আমরা আশাবাদী। দলের পরবর্তী সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিকল্পধারার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়ে প্রক্রিয়া এগিয়েছে অনেক দূর। এ বিষয়ে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপন প্রতিবেদককে বলেন, জামিনে মুক্ত হওয়ার পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার ইতিবাচক কথা হয়েছে। আশা করি শিগগিরই সিদ্ধান্ত হবে। আমরা যারা দলের বাইরে আছি, তারাও প্রস্তুত দলে ফেরার জন্য। ম্যাডামের ডাকের অপেক্ষায় রয়েছি আমরা।

একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ড. কোরেশীসহ জীবিত বিএনপি নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হবে। বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হবে মারা যাওয়া দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াসহ সাবেক নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গেও। এসব পরিবারের সদস্য যারা রাজনীতি করতে আগ্রহী তাদের সুযোগ দেয়া হবে। একইসঙ্গে গণফোরাম, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগের মতো দলগুলোকেও জোটে ফেরানোর উদ্যোগ নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026