শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশয়ারে একটি কার্নিভালের সার্কাসের তাঁবু ভেঙ্গে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাঁবু ভেঙ্গে পড়ার এ ঘটনা ঘটে।
আমেরিকান রেডক্রস জানায়, তারা সেখানে জরুরী ত্রাণ প্রচেষ্টা চালাতে একটি দল পাঠিয়েছে। টুইটার বার্তায় রেডক্রস জানায়, তাদের পাঠানো দল ল্যাঙ্কাস্টারে পৌঁছেছে।
নিউ হ্যাম্পশয়ার ফায়ার মার্শাল বলেন, সার্কাস শুরুর আগে এ তাঁবুর যন্ত্রপাতি সঠিকভাবে পরীক্ষা না করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গভর্নর ম্যাগি হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, কর্মকর্তাদের ঘটনা স্থলে পাঠানো হয়েছে।
টুইটারে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলা দলের কর্মীরা দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সহযোগিতা করতে ল্যাঙ্কাস্টারে যাচ্ছে। গভর্নর ল্যাঙ্কাস্টারে দুর্ঘটনার শিকার সকলের জন্য প্রার্থনা করেন। রাজ্যের কর্মকর্তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে।