সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩

হিরোশিমা দিবস আজ: বিভীষিকাময় সেই দিনের ৭০তম বার্ষিকী

হিরোশিমা দিবস আজ: বিভীষিকাময় সেই দিনের ৭০তম বার্ষিকী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ১৯৪৫ সালের ৬ই আগস্ট। জাপানের পশ্চিমাঞ্চলীয় জনবহুল হিরোশিমা শহর সাক্ষী হলো ইতিহাসের নিষ্ঠুরতম এক অধ্যায়ের। বর্বরতার চূড়ান্ত সীমা অতিক্রম করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় সেই দিনে মার্কিন বি-২৯ বোমারু বিমান এনোলা গেই ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা ফেললো শহরটির ওপর। মুহূর্তেই শহরটি পরিণত হলো এক নারকীয় অগ্নিগোলকে।

চোখের নিমেষেই মানুষসহ সবকিছু ভস্মীভূত হয়ে কয়লায় রূপান্তরিত হলো। ইস্পাত গলানো ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস উত্তাপ ছড়িয়ে পড়লো হিরোশিমার শান্ত মাটিতে। ওই হামলায় ১ লাখ ৪৬ হাজার নিরীহ, বেসামরিক মানুষ প্রাণ হারালেন। এর মধ্যে গুরুতর আহত হয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে।

গুরুতর আহত অবস্থায় যারা বেঁচে গেলেন, পরবর্তী কয়েক দিন, সপ্তাহ বা মাসে তারাও মৃত্যুবরণ করলেন। তীব্র মাত্রার তেজস্ক্রিয় রশ্মি তাদের শরীরে ভয়াবহ বিক্রিয়া করায় তাদের মৃত্যু হয়।

আজ শোকাবহ সেই দিবসের স্মরণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বিদেশী প্রতিনিধিবর্গ হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে সমবেত হন। লাখ লাখ মানুষ সেখানে জড়ো হন। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে সবাই কিছুক্ষণের জন্য নীরবতা পালন করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ সময়ই ওই হামলা চালানো হয়েছিল। পারমাণবিক অস্ত্রসমূহ ‘চরম অশুভ’ মন্তব্য করে হিরোশিমা শহরের মেয়র কাজুমি মাতসুই বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রসমূহের প্রতি জানানো আহ্বানে বলেছেন, চিরকালের মতো এ মারণাস্ত্রগুলো ধ্বংস করে ফেলা হোক।

হিরোশিমায় হামলার মাত্র ৩ দিন পর ৯ই আগস্ট আরেকটি জনবহুল ও গুরুত্বপূর্ণ শহর নাগাসাকিতেও পরমাণু বোমা হামলা চালানো হয়। ৭০ হাজারের বেশি নিরস্ত্র, বেসামরিক মানুষ অকাতরে প্রাণ হারান। আজও শহর দুটিতে ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। পারমাণবিক বোমার সে অভিশাপ আরও বহুকাল বয়ে বেড়াতে হবে শহর দুটির বাসিন্দাদের।

ওই দুটি হামলার পর ১৯৪৫ সালের ১৫ই আগস্ট আত্মসমর্পন করলো জাপান এবং পরিসমাপ্তি ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026