অমিতা সিন্হা: স্বাধীনতা ৪৪বছর অতিক্রম হলেও এখনো দাসপ্রথার শিকল ছিড়তে পারছেনা চা শ্রমিক জনগোষ্ঠি। তাদেরকে এখনো শৃক্সঙ্খলে আবদ্ধ রাখা চেষ্টা করা হচ্ছে। অথচ এই চা জনগোষ্ঠি ব্রিটিশ আমল থেকে এদেশের মাটিতে বসবাস করে আসছে। ১৯৭১সনে নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধে ৩০লক্ষ প্রাণের মধ্যে ওরাও শরীক হয়ে উজাড় করে দিয়ে ছিলো স্বজনদের।
যদিও এদেশের মাটিতে বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার দিয়েছে সরকার। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এখনো নিজ ভূমিতে খাজনা দিয়ে দিন যাপন করতে হচেছ চা জনগোষ্ঠিকে। হাঁরভাঙা খাটুনি দিয়ে চা বাগানে নিত্য দিন পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছে না ওরা।
বিপরীতে উপহার হিসেবে পাচ্ছে লাঞ্চনা, বঞ্চনা ও গঞ্চণার মতো অপবাদ । বাঁচা-মরা লড়াইয়ের দিনগুলো যাপনের জন্য পঁচা ভাতের তৈরি করা বাংলা মদ খেয়ে গান গাইতে থাকে আনন্দ ফুর্তির জন্য। তারা যেন জীবন থেকে পালিয়ে বেড়ায়। যে কারণে তাদের ন্যায্য অধিকার ও আরো দশ জনের মতো সুন্দর জীবনের স্বপ্নে বিভোর হতে দেখা যায়না। প্রয়োজনের তাগিদে একটি কাজের খুঁজে তাদেরকে বড় অঙ্কের টাকা গুণতে হয় চা বাগানের বাবুদের কাছে।
এজন্য বাগানে বেঁড়ে উঠা চা জনগোষ্ঠিরা দাসী বাদিদের মতো অবহেলিত হচ্ছে – বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসা ছাড়াও বিভিন্ন মৌলিক প্রয়োজনাদি থেকে। তবুও চা জনগোষ্ঠিরা বুক ভরা স্বপ্ন দেখে স্বাধীনভাবে বাঁচার। অনুসন্ধানে জানা যায়, দেশের ১শ’ ৬৩টি চা বাগানের মধ্যে সিলেট বিভাগে রয়েছে ১শ’ ৪৮টি চা বাগান। দিনব্যাপী চা পাতা চয়নের খাতুনি খেটে মজুরি হিসেবে পায় মাত্র ৪৮ থেকে ৬৯টাকা চা বাগানের কর্মীরা। আর রেশন হিসেবে দেওয়া হয় আধা কেজি চাল কিংবা আটা । যা একটি পরিবারের সদস্যদের জন্য একবেলা খাবার না জোটার সমতুল্য।
১৮৫৫ খ্রিষ্টাব্দে দেশে প্রথম সিলেট অঞ্চলে চা গাছের খোঁজ পাওয়া যায় মালনীছড়া চা বাগানের ভিতরে। বৃষ্টিপাত ও বেশি তাপমাত্রা প্রয়োজনে পরবর্তিতে একে একে সিলেট অঞ্চলে চা বাগানে চাষাবাদ শুরু হয়। তা থেকেই ব্রিটিশ বাবুদের আওতায় নির্যাতন সহ্য করে চা বাগানে কাজ করে যাচ্ছে চা জনগোষ্টি। বর্তমানে ব্রিটিশদের অত্যাচারী শাসন না থাকলেও বাঙালীবাবুদের নির্যাতন থামছেনা।
এখনো রয়েগেছে ব্রিটিশ আমলের স্বৈরাচারী শাসন শোষন কালো বর্ণের মানুষগুলোর উপর। যার দরুণ ওরা সবদিক থেকে ক্রমশ পিছিয়ে রয়েছে। দাবিয়ে রেয়েছে নিজেস্ব সংস্কৃতি, ভাষা, ছাড়াও বিভিন্ন বিষয়বস্তু। তাই চা বাগানে কোন সরকারি কিংবা বেসরকারি এনজিওদের কাজ করার কোন অনুমতি নেই বলে জানা যায়।
সমাজসেবা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প ও ভাতা সংক্রান্ত তথ্যানুসারে, ২০০৯-২০১৩সন এর পাঁচ বছরের সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রাম ফর ভালনারেবল গ্রƒপ এর কর্মকান্ডের বিষয়ের জন্য ব্যয় করা হয়েছিলো ২০০০.০০লক্ষ টাকা। এর সম্পূর্ণ অর্থ জিওবি খাতের ২০০৯সনের জুলাই থেকে ২০১০সনের জুন মাসে শেষ হয়।
এদিকে ২০০৯-২০১০ সনের অর্থ বছরে ১৭হাজার ৫শ’ চা শ্রমিকদের মাঝে ৬কোটি ৮৯ লক্ষ ১৬হাজার ১শ’ টাকার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিলো বছরের তিনমাস চা শ্রমিকেরা বেকার থাকে বলে নিত্যদিনের জন্য। অপরদিকে ২০১১-২০১২সনের অর্থ বছরে ১০হাজার চা শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় ৩কোটি ৮১লাখ ৬৪হাজার ৪শ’ টাকা একই কারণের জন্য সরকারীভাবে। কিন্তু ওই বছরও আধাঁ কেজি চাল কিংবা গম ছাড়া আর কোন ধরণের খাদ্য সামগ্রী দেওয়া হয়নি। এছাড়া যারা এখনো শ্রমিক হয়নি
আর অবসর প্রাপ্ত তাদেরকে কোন ভাতা বা খাদ্য সহায়তা করা হয়নি জানান অধিকাংশ চা জনগোষ্টিরা প্রতিবেদককে। সরেজমিনে পরিদর্শনকালে, পাথরখলার খুরমা চা বাগানের বাসিন্দা বিধবা বাসখি বাহারী(৪১) বলেন, প্রায় ১৮বছর বয়সে খুরমা চা বাগনে দশ বছর কাজ করেছি চা শ্রমিক হয়ে।
ওই খানে নিত্যদিন ৩ মণ চা পাতা চয়ন করে কুঁড়িপ্রতি মজুরি দেয় কোম্পানীর পক্ষ থেকে ৪টাকা। নিজ জমিতে থেকে কোন কিছু করার অধিকার নেই আমাদের। উল্টো ওরা রেশন থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে। একটি চা বাগানে কাজের জন্য অন্যের দারে দারে গিয়ে মোটা অঙ্কের টাকা গুণতে হচ্ছে। বাগানে বেঁড়ে উঠা উপযুক্ত বাগানিদেরকে বাবুরা কাজ দেইনা। নির্বাচন কিংবা শরীর যাচাই- বাছাই করে কাজ দিয়ে থাকে। তাই খুব কষ্টে দিন যাপন করতে হয়। ঘরে ৭/৮জন পরিবারের সদস্য । কিভাবে তাদের মৌলিক প্রয়োজন মিটাবো।
একই স্থানের চা শ্রমিক সন্তুষ বাহারী বলেন, অনেক কষ্ট করে চা বাগানে কাজটি পেয়েছি। তা না হলে আমাদের অনাহারে দিন কাটতে হতো। বনে জঙ্গলে ঘুঁরতে হতো কাজের সন্ধানে। তবে এখনো চা বাগানে অধিকাংশ চা বাগানিরা কাজ না পেয়ে বেকার জীবনযাপন করে যাচ্ছে। দিনে ৬৯টাকা মজুরি দিয়ে কি সংসার চালানো যায় ?
হবিগঞ্জ জেলার আহমোদা বাদ – ২ এর আমু চা বাগানের বাসিন্দা টুনি(৫৫) জানায়, কম বয়সে চা পাতা চয়ন করার মজুরি নিতে দিয়ে সাহেবীদের কথা শুনতে হয়েছে প্রতিসময়। তাছাড়া নির্যাতন জুলুমের মতো কাজ তো ওরা অহরহ করেই থাকে। গরীব বলে সব অপবাদ সইতে হয়। কখনো দাসী বাদিদের মতো একের পর এক অন্যায় মূলক আচরণ তো আছেই। এসব কত দিন সহ্য করব তা জানিনা । তবে এখনো স্বপ্ন দেখি স্বাধীনভাবে বাঁচার এদেশের মাটিতে। একই স্থানে কিশোরী মনিকা বলে উঠে, নানা দেশ থেকে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসে বহু নামী দামি পর্যটকেরা।
কিন্তু চা বাগানের মধ্যে কালো বর্ণের মানুষগুলো শ্রম-ত্যাগ কেউ দেখে না। আমরা কিভাবে বেঁচে আছি তারও কোন খোঁজ করেনা। না আছে খাবার, না আছে সুচিকিৎসা । আর না আছে শিক্ষা। সব দিক থেকে আমরা যে অন্ধকারে আছি।
কালাগুল চা বাগানের সভাপতি শ্রী লেবেন নায়েক বলেন, বহু বছর আগে থেকেই দেশের নাগরিক হয়েও ওরা এখনো কোন ধরনের ভূমি অধিকার পায়নি। তাই ওরা সব ক্ষেত্রে লাঞ্চণা, বঞ্চণার স্বীকার হচ্ছে। তারা এখনো বিশুদ্ধ পানি না পেয়ে বিভিন্ন ধরণে মহামারি রোগে ভোগছে । চা জনগোষ্ঠিদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে বলেন তিনি।
এ ব্যাপারে মালনীছড়া চা বাগানের বড় বাবু তমিজ উদ্দিন চৌধুরী বলেন, চা বাগানের প্রতিটি কোম্পানি কিংবা ব্যক্তি মালিকানাদের খাজনা দিতে হয় সরকারকে। যার ফলে ব্যক্তি মালিকদের ভূমির প্রতি স্বাধীনভাবে প্রয়োগ করা কোন অনুমতি নেই। তাই স্থায়ী চা বাসিন্দাদের জমির বিক্রি করারও কোন ধরনের অধিকার নেই। এজন্য তাদেরকে সপ্তাহে তিন কেজি রেশন আর মজুরি দেওয়া হয়।