শীর্ষবিন্দু নিউজ: সিলেটের মদন মোহন কলেজে একই গ্রুপের কর্মীর ছুরিকাঘাতে আব্দুল আলীম নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
নিহত আব্দুল আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সিলেট শহরতলীর সিলাম তেলিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনার পর মদন মোহন কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রলীগের বিধান গ্রুপের সিনিয়র ও জুনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা হয়। এর জের ধরে বুধবার দুপুরে একই গ্রুপের কয়েকজন সিনিয়র কর্মী কলেজ ক্যাম্পাসে ঢুকে আব্দুল আলীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে সহপাঠিরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুকের ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।