শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গড়লেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যুমনা নদীর পাড় ঘেষে মুক্তিযোদ্ধাদের গণকবরের পাশে জগজ্জয়ী নামে ভাস্কর্যটি উদ্বোধন করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আগে ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। এরপর আলোচনাসভায় তিনি বলেন, স্বাধীনতার শক্তি আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। কোন কুচক্রী মহল স্বাধীনতার শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে পার পাবে না। এ জন্য স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত জোট মানুষের মনে ভয় ঢুকাতে চায়। তারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওরা (বিএনপি-জামায়াত) বলে এ সরকারের সময় উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০২১ সাল নয়, ২০১৬ সালের জুনের মধ্যেই আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হতে পারবো।
আগামী ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। আমরা বিশ্বের যে কোন রাষ্ট্রের সঙ্গেই চ্যালেঞ্জ নিতে পারবো। বিএনপি-জামায়াত আন্দোলনের হুমকি দেয়, মাঝে মাঝে গর্তের মধ্যে থেকে উঠে মাথাচাড়া দিতে চায়। আমি তাদের হুঁশিয়ার করে দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোন কুমতলব, কুচক্র কাজে আসবে না। ওইসব কুচক্রের মূল উৎপাটনের ক্ষমতা জননেত্রীর রয়েছে। তিনি এখন শুধু এ দেশের নেত্রী নয় গোটা বিশ্বের নেত্রী।