রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩

আত্মঘাতী বোমায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১০

আত্মঘাতী বোমায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১০

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কর্নেল (অব.) সুজা খানজাদাপাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদাসহ ১০ জন নিহত হয়েছেন। আজ রোববার নিজের বাড়ি সাদী খানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে একটি জিরগা (সালিস বৈঠক) চলাকালে হামলা চালানো হয়।

বিস্ফোরণে ভবনের ছাদ ধসে পড়ায় এর নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর বিষয়টি ডন অনলাইনকে নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ এলাহি।

ওই কার্যালয়ে ৫০-১০০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের বেশির ভাগই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এরই মধ্যে ধ্বংসাবশেষ সরাতে গিয়ে উদ্ধারকর্মীরা ১০ জনের লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে উপ পুলিশ সুপার হাজরো সৈয়দ শওকত শাহের লাশও আছে বলে ডনের খবরে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলোর দাবি, নিষিদ্ধঘোষিত লস্কর-ই-জাংভি আত্মঘাতী ওই বোমা হামলার দায় স্বীকার করেছে। জুলাইয়ে সংগঠনটির প্রধান মালিক ইসাক নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর থেকে সুজার প্রতি জীবননাশের হুমকি ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে কার্যালয়ের ছাদ ধসে পড়েছে। ভবনটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশের ভবনগুলোর জানালা ভেঙেচুরে গেছে। ২০১৪ সালের অক্টোবরে সুজা খানজাদাকে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাঁর নির্দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। তিনি এর আগে পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026