মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০

লন্ডনে ৬ মাসের ব্যবধানে আবারো বদলি হাইকমিশনার: পরিবর্তন আসছে অন্যান্য দেশেও

লন্ডনে ৬ মাসের ব্যবধানে আবারো বদলি হাইকমিশনার: পরিবর্তন আসছে অন্যান্য দেশেও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ফের পরিবর্তন আসছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার পদে।  লন্ডনে সদ্য ৬ মাস আগে যোগ দেয়া হাইকমিশনার আব্দুল হান্নান বদলি হতে যাচ্ছে খুব শিঘ্রই। যোগদানের মাত্র ছয় মাসের মাথায় এই পরিবর্তন আনা হচ্ছে।

তবে কেবল যুক্তরাজ্যেই নয় সরকার নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নে, ইতালিতে ও স্পেনে। রদবদলের মাধ্যমে ও নতুন রাষ্ট্রদূত পাঠিয়ে এই পরিবর্তন আনা হচ্ছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কূটনীতিকদের পরিবর্তন ও রদবদল প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার।

দায়িত্বশীল সূত্রগুলো এই খবর নিশ্চিত করে জানিয়েছে, সরকার গুরুত্বপূর্ণ মিশনগুলোতে গতিশীলতা আনতে চায় আর সে কারণেই এই পরিবর্তন। নতুন ব্যবস্থায় যুক্তরাজ্যের হাইকমিশনার আবদুল হান্নান সেখানকার অ্যাসাইনমেন্টে মাত্র ছয় মাস পার করেই এবার যাচ্ছেন ইতালিতে। গত ফেব্রুয়ারিতেই মাত্র রানী এলিজাবেথের কাছে ক্রেডেনশিয়াল জমা দিয়েছিলেন তিনি। তখন তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন এক সময়ের পরারাষ্ট্র সচিব মিজারুল কায়েসের। আর হান্নান এর আগে ছিলেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি।

সূত্র জানিয়েছে, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইইউ মিশনের প্রধান ইসমাত জাহান এবার লন্ডন যাচ্ছেন হাই কমিশনার হয়ে। আর ইসমাত জাহানের পদে এবার যাচ্ছেন ইতালির রাষ্ট্রদূত শাহদত হোসেন। ইসমাত জাহান এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। আর ব্রাসেলসে তিনি রয়েছেন ২০০৯ সাল থেকে। হান্নান ও শাহাদত দুজনই বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ১৯৮৪’র ব্যাচ। বর্তমান পররাষ্ট্র সচিব শহীদুল হকও ওই একই ব্যাচের। আর ইসমাত জাহান তাদের এক ব্যাচ সিনিয়র বলেই জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

এদিকে, পুলিশের সদ্য সাবেক মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার স্পেনের রাষ্ট্রদূত হয়ে যাচ্ছেন। চাকরি থেকে অবসরপ্রাপ্ত হাসান মাহমুদ তিন বছরের জন্য এই নতুন অ্যসাইনমেন্ট পেলেন। তার নিয়োগের বিষয়টি জানিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কাতারের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে সদর দফতরে ডেকে আনা হয়েছে। তার স্থানে কে যাচ্ছে এখনও তা ঘোষণা করা হয়নি। লেবাননে নতুন রাষ্ট্রদূত হয়েছেন আবদুল মোতালেব সরকার। কিছু দিন আগে বৈরুত মিশনে গিয়ে যোগ দেন তিনি। এএফএম গাউসুল আজম সরকারের স্থলাভিষিক্ত হলেন মোতালেব। অনিয়মের অভিযোগে আগেই ঢাকায় ডেকে পাঠানো হয়েছে গাউসুল আজমকে।

ওদিকে সূত্র জানিয়েছে, গ্রিসে বাংলাদেশ দূতাবাসও পেতে যাচ্ছে নতুন রাষ্ট্রদূত। দীর্ঘ সময় ধরেই ফাঁকা পড়ে আছে এখানকার রাষ্ট্রদূতের পদ। এই দেশে নিয়োগ দেওয়া হয়েছে জসিম উদ্দিনকে। চলতি মাসের শেষ ভাগেই তার এথেন্সে গিযে যোগ দেওয়ার কথা রয়েছে। এক নারীকে অপদস্থ করার অভিযোগে এথেন্স থেকে রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদকে দেশে ফেরত আনা হয় গতবছরের সেপ্টেম্বরে।

এছাড়াও ওয়াশিংটন মিশনে নতুন ডেপুটি চিফ অব মিশন হয়ে যাচ্ছেন মাহবুব হোসেন সালেহ। মন্ত্রণালয়ের ইউরোপ সংক্রান্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি। সালেহ স্থলাভিষিক্ত হচ্ছেন মুহাম্মদ আবদুল মুহিতের। আর মুহিত দায়িত্ব পেয়েছেন ডেনমার্কের নতুন রাষ্ট্রদূতের। ওদিকে বৈরুতে সদ্য সাবেক চার্জ ডি অ্যাফেয়ার্স নজরুল ইসলাম রিয়াদের ডেপুটি চিফ অব মিশন হয়ে যোগ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026