বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে: সমবেদনা জানিয়েছেন প্রণব মুখার্জিকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে: সমবেদনা জানিয়েছেন প্রণব মুখার্জিকে

শীর্ষবিন্দু নিউজ: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে। বুধবার সকালে দিল্লি পৌঁছে সরাসরি রাষ্ট্রপতি ভবনে গিয়ে সমবেদনা জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। প্রয়াত শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৮টা ২০ মিনিট) ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

এর আগে আজ সকাল ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। ওই সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব শহীদুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সময় বেলা তিনটায় ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছেড়ে আসার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। ১৩ তাল কাটরা রোডের ওই বাড়িতেই রাখা হয়েছে শুভ্রা মুখার্জির মরদেহ। পরে লোদি রোড ক্রেমেটোরিয়ামে আয়োজিত শেষকৃত্যে অংশ নেবেন। আর শেষকৃত্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তার। ঢাকার সময় সন্ধ্যা ৬টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026