বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২

বঙ্গবন্ধুর চালানো সাইকেলটি এখনো রেখেছেন ওয়াজেদ

বঙ্গবন্ধুর চালানো সাইকেলটি এখনো রেখেছেন ওয়াজেদ

সোহেল মিয়া: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে রাজবাড়ী এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই প্রার্থীর পক্ষে বঙ্গবন্ধু সফরসঙ্গীদের নিয়ে ১৫ দিন রাজবাড়ীতেই অবস্থান করেন।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত ওমেদ আলী মন্ডলের ছেলে মো. আবদুল ওয়াজেদ মন্ডলের (৮১) ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে বঙ্গবন্ধু ঘুরে বেড়িয়েছিলেন রাজবাড়ীর সবুজ পথে-প্রান্তরে। দীর্ঘ ৬১ বছর ধরে পরম মমতায় ও যত্নে বঙ্গবন্ধুর ব্যবহৃত সেই বাইসাইকেলটি আগলে রেখেছেন ওয়াজেদ মন্ডল।

স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে ওয়াজেদ মন্ডলের সংসার। রাজবাড়ীর এই কৃষক সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন রাইজিংবিডির রাজবাড়ী প্রতিনিধি সোহেল মিয়ার কাছে। প্রিয় পাঠক, তাদের সেই কথোপকথনের চুম্বক অংশ আপনাদের জন্য তুলে ধরা হলো।

বঙ্গবন্ধুর সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হয় কীভাবে?

ওয়াজেদ মন্ডল : ১৯৫৪ সাল। আমি তখন ক্লাস এইটের ছাত্র। বয়স ১৩ কি ১৪ হবে। জেলা সদরের বেলগাছি এলাকার জৌকুড়া গ্রামের মনাক্কা চেয়ারম্যান ছিলেন আমার চাচাতো ভাই। আমি আমার নতুন সাইকেলটি নিয়ে ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সে সময় ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণা চালাতে রাজবাড়ী আসেন। সেখানে তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়।

১৫ আগস্টের স্মৃতিচারণা করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ওয়াজেদ মন্ডল।

আপনার বাইসাইকেলটি বঙ্গবন্ধু কীভাবে আপনার কাছ থেকে নিলেন?

ওয়াজেদ মন্ডল : নির্বাচনী প্রচারণা চালাতে এসে বঙ্গবন্ধু যে সাইকেলটি চালাচ্ছিলেন সেটি হঠাৎ পাংচার হয়ে যায়। যেখানে এই দুর্ঘটনা ঘটে, তার পাশেই আমি সাইকেল নিয়ে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলাম। তখন বঙ্গবন্ধু আমাকে কাছে ডেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন, ‘এই খোকা, তোর সাইকেলটি আমাকে ১৫ দিনের জন্য দে।’ আমি স্বাচ্ছন্দ্যে সাইকেলটি বঙ্গবন্ধুকে দিয়ে দিই। সে সময় তিনি আমাকে তার নষ্ট সাইকেলটি দিয়ে বলেন, ‘তুই আমার এই সাইকেলটি নিয়ে ওয়াজেদ চৌধুরীর বাড়ি চলে যা।’

আপনি কী বঙ্গবন্ধুর নষ্ট সাইকেলটি নিয়ে রাজবাড়ীতে গিয়েছিলেন?

ওয়াজেদ মন্ডল : আমি ওই দিনই সূর্যনগর স্টেশনে গিয়ে ট্রেনে চড়ে রাজবাড়ী চলে যাই। রাতে বঙ্গবন্ধুর সঙ্গে আবার সাক্ষাৎ হয়। তিনি আমাকে ১৫ দিন তার সঙ্গে থাকার জন্য বলেন। এ সময় কথা প্রসঙ্গে তিনি আমাকে বলেন, তোর সাইকেলটি চালাতে খুব জুতরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026