বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫

সিলেট থেকে হজ্জ্বযাত্রী বহনে বিমানের কারসাজি

সিলেট থেকে হজ্জ্বযাত্রী বহনে বিমানের কারসাজি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট থেকে হজযাত্রী বহনের জন্যে সাড়ে চার হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে। তিনটি ফ্লাইটে তাদের জেদ্দা পৌঁছানোর কথা। এই পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে প্রায় ১১ শ’। এরমধ্যে সিলেটের যাত্রী মাত্র ৪০৯ জন। এত টিকিট বিক্রির পরও বিমান বাংলাদেশ বলছে, সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইটের জন্যে তারা যাত্রী পাচ্ছে না। তাহলে কোথায় বিক্রি হয়েছে এতসব টিকিট? অনুসন্ধানে জানা গেছে বিস্ময়কর তথ্য।

প্রসঙ্গত, ডাটা এন্ট্রি না হওয়ার কারণে মুআল্লিম ফি জমা দিয়ে এবার হজ করতে পারছেন না সিলেটের এক হাজার ৩২৪ জন। সারা দেশে এই সংখ্যা প্রায় ২৫ হাজার।

বিমান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যাত্রী না পেলে ৮ ও ১৩ সেপ্টেম্বরের সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট অনিশ্চিত হয়ে পড়বে। তখন দুর্ভোগে পড়বেন সিলেটের যাত্রীরা। টিকিট বিক্রির পরও কেন এই অনিশ্চিয়তা। স্পষ্ট উত্তর মিলছে না কারও কাছে।

সূত্র জানিয়েছে, তিনটি ফ্লাইটে যাত্রী যেতে পারবেন সর্বোচ্চ (প্রত্যেক ফ্লাইটে ৪১৯ জন করে) ১২শ’ ৫৭ জন।

অনুসন্ধানে জানা গেছে, সিলেটের জন্যে বরাদ্দ টিকিটগুলো স্থানীয় ট্রেভেলস মালিকদের একটি সিন্ডিকেট কিনে নিয়েছে। বিমানের কাছ থেকে তারা আগে সেই টিকিট কিনে নিয়ে দেশের বিভিন্ন এলাকার যাত্রীদের কাছে তা বিক্রি করে দিচ্ছে। এর মাধ্যমে ওই সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

সিলেটের প্রথম সারির একটি ট্রেভেলসের শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে এই অভিযোগ করে জানিয়েছেন, সিলেটের জন্য বরাদ্দ টিকিট অন্য জেলার যাত্রীদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে টিকিট বিক্রিকারী চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তিনি জানান, বার বার নানা অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত চিহ্নিত ট্রেভেলস মালিকরা এই কাজটি করছেন। এর ফলে সিলেটের প্রকৃত যাত্রীরা শেষ পর্যন্ত টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। এমন আশঙ্কার কথা জানান তিনি।

সিলেটের টিকিট বাইরের যাত্রীদের কাছে বিক্রির অভিযোগটি স্বীকারও করেছেন বিমান বাংলাদেশের কর্মকর্তা সালমান হায়দার চৌধুরী। তিনি বলেন, বিক্রি হওয়া টিকিটের অনেক যাত্রীই সিলেটের নন। সিলেটের টিকিট বাইরের জেলার যাত্রীদের কাছে কীভাবে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরাসরি সিলেটের বাইরের কোনো যাত্রীর কাছে টিকিট বিক্রি করছি না। স্থানীয় ট্রেভেলস মালিকদের কাছেই তারা টিকিট বিক্রি করছেন। তারা (ট্রেভেলস মালিকরা) সেটি অন্য জেলার যাত্রীদের কাছে বিক্রি করে দিচ্ছেন বলে তিনি স্বীকার করেন।

বিমান বাংলাদেশের জেলা কর্মকর্তা সালমান হায়দার চৌধুরী জানিয়েছেন, সাড়ে চার হাজার টিকিট তিনভাগে (ফেইজ) বিক্রি করা হচ্ছে। প্রথম ভাগ ১৬ আগস্ট থেকে ২৬ আগস্ট। বরাদ্দ এক হাজার ৬৩০ টিকিট। দ্বিতীয় ভাগ ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর। বরাদ্দ এক হাজার ৪১০ টিকিট। শেষভাগে বরাদ্দ এক হাজার ৪৬০ টিকিট।

এর মধ্যে প্রথমভাগের প্রায় ১১ শ’ টিকিটই বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ও শেষভাগের টিকিটও বিক্রি হয়েছে। তবে তিনি অফিসে না থাকায় সেই দুই ভাগের বিক্রিত টিকিটের পরিমাণ নিশ্চিত করে বলতে পারেননি। এরপরও বিমান বাংলাদেশ বলছে, সিলেট-জেদ্দা সরাসরি শেষ দুই ফ্লাইটের জন্যে তারা যাত্রী পাচ্ছে না।

এই অবস্থায় সিলেট-জেদ্দার প্রথম ফ্লাইটে যাত্রী পাওয়া গেছে ৪০৯ জন। বাকি আসনও পুরণ হয়ে যাবে জানিয়ে সালমান হায়দার বলেন, সমস্যা হল ৮ ও ১৩ সেপ্টম্বরের ফ্লাইট নিয়ে। এই দুই ফ্লাইটের যাত্রী এখনও পাওয়া যায়নি। এই নিয়ে হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র সিলেট নেতাদের সাথে সোমবার তারা বৈঠকে বসছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা হাব নেতাদের কাছে জানতে চাইব, এই দুই ফ্লাইটের যাত্রী তারা কীভাবে ব্যবস্থা করে দেবেন।

টিকিট অন্য জেলার যাত্রীদের কাছে বিক্রির বিষয়টি স্বীকার করলেও সিলেটের যাত্রীরা টিকিট পাবেন না, এমন শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন সালমান হায়দার। তিনি বলেছেন, আমরাই তো যাত্রী পাচ্ছি না। তাহলে যাত্রীরা টিকিট পাবেন না কেন? তবে ওই ট্রেভেলস মালিক বলছেন, সব টিকিট কিনে যদি বাইরে বিক্রি করে দেওয়া হয়। যেটা ওই সিন্ডিকেট করে আসছে, তখন বিমান কর্মকর্তারা সিলেটের যাত্রীদের কীভাবে জেদ্দা পৌছাবেন?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026