বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আকস্মিক অগ্নিকান্ডে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আকস্মিক অগ্নিকান্ডে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে শুক্রবার রাত ৮টায় কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরিত হয়। এতে বৃহৎ দুটি ইউনিটসহ ছয়টি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এগুলো চালুর চেষ্টা চলছে এবং শিগগরিই এগুলো চালু করা সম্ভব হবে বলে জানান কতৃপক্ষ।

খবর পেয়ে প্রথমে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট ও পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় প্রায় ৫৩০ মেগাওয়াট। ফলে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে লোডশেডিং ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে।

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, রাত ৮টায় হঠাৎ বিকট শব্দ হয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে ৫নং ইউনিটের বাসবারের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) আগুন ধরে যায়। এ সময় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৫ এবং এই ইউনিটের সাবস্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি কুইক রেন্টালের চারটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়।

বন্ধ বেসরকারি কুইক রেন্টাল ইউনিটগুলো হলো ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো, ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন এনার্জি লিমিটেড, ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মিডল্যান্ড পাওয়ার প্লান্ট ইউনিট।

বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে কোম্পানীর সচল ৪টি ইউনিটে সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ত্রুটি মেরামত করে ৩নং ইউনিটটি চালু করা হয়েছে। বাকি বন্ধ ইউনিটগুলো চালু করার প্রক্রিয়া চলছে। তবে ৫নং ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসতে দুই দিন সময় লাগতে পারে।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুনে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ইউনাইটেড, মিডল্যান্ড, প্রিসিশন ও অ্যাগ্রিকো পাওয়ারের চারটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। রাত ৯টায় আশুগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ইউনিটগুলো চালু হয়নি।

এগুলোর মধ্যে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটের উৎপাদনক্ষমতা ১৫০ মেগাওয়াট এবং বাকি চারটির মোট উৎপাদনক্ষমতা ২৫৪ মেগাওয়াট। সাজ্জাদুর রহমান বলেন, এসব ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ যে ট্রান্সফর্মারের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়, সেটাতে কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। নিরাপত্তামূলক পদক্ষেপ হিসাবে বিস্ফোরণের পরপরই স্বয়ংক্রিয়ভাবে সুইচ বন্ধ হয়ে যাওয়ায় এসব ইউনিটের কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026