সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০

আজ পবিত্র হজ: লক্ষ লক্ষ হাজীদের উপস্থিতিতে মুখরিত আরাফাত ময়দান

আজ পবিত্র হজ: লক্ষ লক্ষ হাজীদের উপস্থিতিতে মুখরিত আরাফাত ময়দান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: আজ বুধবার পবিত্র হজ। পবিত্র মক্কায় লাখ লাখ হাজির কণ্ঠে উচ্চারিত হচ্ছে,‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক। ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে সেখানকার আকাশ বাতাস।

কেননা আজ পবিত্র হজ। হাজীদের আরাফাত ময়দানে অবস্থানের দিন। পাঁচ দিনের হজ পালনের লক্ষে মিনার অদূরে আরাফাত ময়দানে অবস্থানের দিনকেই বিশেষত হজের দিন বলা হয়।

বাংলাদেশসহ সারা বিশ্বের ২৫ লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরে ফজরের নামাজ পড়ে রওনা হয়েছেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। সেখানে সারাদিন খুতবা শুনে বিকেলে আসরের নামাজের আগে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করবেন হাজিরা।

দুনিয়া ও আখেরাতের কল্যাণ, রহমত প্রাপ্তি ও স্বীয় গুনাহ মাফের জন্য আল্লাহ তায়ালার কাছে অশ্রুসিক্ত ফরিয়াদ জানাচ্ছেন সমবেত মুসলমানেরা। বিশ্ব ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্যেরও অবতারণা হয়েছে আজ আরাফাতের ময়দানে।

সৌদি আরবে আজ ৯ জিলহজ। বুধবার সূর্যোদয়ের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাওয়া ৩০ লাখেরও বেশি মুসলমান সমবেত হয়েছেন মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাত ময়দানে। প্রায় সাড়ে ১৪ শত বছর আগে এ ময়দানেই রাসূল (সা:) লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এ ময়দানেই ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে কুরআনের আয়াত নাজিল হয়েছিল।

মিনায় প্রথম দিন অবস্থানের পর হাজিদের গন্তব্য আরাফাতের দিকে। সকালে ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা হজের প্রধান আনুষ্ঠানিকতা পালনের জন্য জমায়েত হচ্ছেন পবিত্র আরাফাত ময়দানে। মিনা থেকে আরাফাত ১৪ কিলোমিটার পথ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন। পবিত্র আরাফাত ময়দানেই দিনব্যাপী চলবে হজের মূল আনুষ্ঠানিকতা।

পবিত্র আরাফাত ময়দানে বিদায়ী হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। দুপুরে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দিক নির্দেশনা মূলক খুতবা দেয়া হবে। খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও এর আশে পাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার। অন্য হাজিদের মতো ১ লাখ ৭ হাজার জন বাংলাদেশিও মিনা থেকে জমায়েত হচ্ছেন আরাফাতের ময়দানে। বুধবার ফজরের নামাজের পরই আরাফাতের ময়দানের উদ্দেশে হাজিদের রওনা হন। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। কেউ এই সময়ের মধ্যে এই ময়দানে অবস্থান করতে না পারলে হজ আদায় হবে না।

এই ময়দানে জোহরের সময় পরপর জোহর ও আসরের নামাজ জামাতের সাথে আদায় করবেন হাজিরা। মুসাফির হওয়ার কারণে নামাজ কসর করবেন (চার রাকাতের স্থলে দুই রাকাত)। নামাজের আগেই সৌদি গ্রান্ড মুফতি মসজিদে নামিরাহ থেকে খুতবা দেবেন।

এর আগে পরে হজযাত্রীদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। আমির-ফকির, ধনী-গরিব, সাদা-কালোর ভেদাভেদ থাকবে না সেখানে। সবার পরনে একই ধরনের সেলাইবিহীন কাপড়, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং তারই কাছে গুনাহ মাফ ও রহমতপ্রাপ্তির আকুতি জানাবেন। সূর্যাস্তের সাথে সাথেই আবার মিনায় ফেরার পথে মুজদালিফা এলাকায় অবস্থান নেবেন হাজীরা।

ওই স্থানে রাতে অবস্থান করবেন খোলা আকাশের নিচে। সেখানে মাগরিব ও এশার নামাজ এক সাথে আদায় করবেন। মিনায় জামারাতে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য এখান থেকেই কঙ্কর সংগ্রহ করবেন। রাতে সেখানে অবস্থানের পর কাল ১০ জিলহজ ফজরের নামাজ শেষে মিনার দিকে রওনা হবেন। কাল সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। মিনায় গিয়ে জামারাতে কঙ্কর নিক্ষেপ করে এসেই কোরবানি করবেন হাজীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026