মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০

লন্ডনে যাত্রাবিরতী শেষে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডনে যাত্রাবিরতী শেষে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের শেষ গন্তব্যস্থল হিথরো বিমান বন্দরে নেমে বিশ্রামের পর লন্ডন স্থানীয় সময় বুধবার রাত দশটা ১০ মিনিটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী লন্ডন স্থানীয় সময় ১৫:২০ ঘটিকায় হিথরো আর্ন্তজাতিক বিমানবন্দরে যাত্রাবিরতীতে তাঁকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোঃ আবদুল হান্নান এবং লন্ডনস্থ আওয়ামী লীগে সভাপতি সুলতান শরীফ ও সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিমানবন্দরে স্বাগত জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন এফ কেনেডি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর হোটেল ওয়াল্ডর্ফ এস্টোরিয়ায় যান তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ওয়াল্ডর্ফ এস্টোরিয়া নিউইয়র্কে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে ঈদ-উল আজহা উদযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। কারণ এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে জাতিসংঘের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) নির্বাহী পরিচালক আচিম স্টেইনারের কাছ থেকে ‘চ্যাম্পিয়নশীপ অব দি আর্থ এ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

তিনি ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিবের কাছ থেকে ‘আইটিইউ পুরস্কার’ গ্রহণ করবেন। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২৮ সেপ্টেম্বর অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন। একই দিনে তিনি অধিবেশনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা ও ভোজসভায় যোগ দেবেন। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, অভিবাসী কর্মীদের অধিকার, জলবায়ু পরিবর্তন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষসমূহ অর্জনের মতো বিষয়গুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী লন্ডনে একদিন যাত্রাবিরতি করবেন এবং সেখানে ২ অক্টোবর তাকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হবে। তিনি ৩ অক্টোবর দেশে ফিরবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026