শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ায় চলমান বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসবাদের একটি গ্রহণযোগ্য সমাধান বের করার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি বাদশাহ সালমান আলোচনা করেছেন। শনিবার টেলিফোনে আলাপকালে এই দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করার পাশাপাশি সিরিয়ার ভয়াবহ সংকটের একটি সমাধান বের করার উপায় নিয়ে কথা বলেন। ক্রেমলিন এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সহ অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে আরো কার্যকরী আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করার ওপর এই নেতা আলোচনা করেন। মধ্যপ্রাচ্যের তাকফিরি উগ্র গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার সংকটের একটি সমন্বিত উদ্যোগ নেয়ার ব্যাপারে মস্কো যখন তার আগ্রহ ক্রমশ জোরদার করছে তখন এই খবর এলো।
এছাড়া, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গত ২৩ সেপ্টেম্বর বলেন,তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়াসহ সিরিয়ার সংকটের ব্যাপারে মস্কো কার্যকরী ব্যবস্থা নেয়ার ব্যাপারে আমরা আশাবাদী।