শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডে অক্টোবর থেকে শিশু যাত্রী নিয়ে গাড়ির ভেতরে ধুমপান করা বেআইনি বলে গণ্য হবে। ১৮ বছর বয়সের নীচে শিশু-কিশোরদের ধুমপানের বিরূপ প্রভাব থেকে রক্ষার জন্য সরকার এ পদক্ষেপ নিয়েছে।
পহেলা অক্টোবর পর থেকে গাড়িতে যাত্রী হিসাবে শিশু-কিশোর থাকলে সেই গাড়িতে ধুমপান করলে ড্রাইভারকে স্মোক ফ্রি প্রাইভেট ভিহিকল আইন ২০১৫ এর অধিনে ৫০ পাউন্ড জরিমানা করবে কাউন্সিল।
নিজে ধুমপান না করলেও গাড়ির ভেতরে অন্যের ধুমপানের ফলে শিশু-কিশোরদের চেস্ট ইনফেকশন, ব্রঙ্কাটিস, ম্যানিনজাইটিস, ক্যান্সারসহ মারাত্মক রোগের ঝুঁকির মধ্যে ফেলে। বৃটিশ লাঙ ফাউন্ডেশনের মতে, ইংল্যান্ডে প্রতি সপ্তাহে প্রায় ৪শ ৩০ হাজার শিশু কিশোর গাড়ির ভেতরে অন্যের দ্বারা ধুমপানের শিকার হয়ে থাকে। ইংল্যান্ডের প্রতিটি বারায় আইনটি কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।